রাজ্যের খবর

বন্দে মাতরম গান লিখে বঙ্গভঙ্গ রদ করেছিলেন রবি ঠাকুর! দিলীপের মন্তব্যে চরম বিতর্ক

"বিজেপির জন্য আলাদা পাঠ্যক্রম দরকার!" দিলীপের ভুল ধরিয়ে তীব্র কটাক্ষ তৃণমূলের কুণালের

Truth of Bengal: দেশজুড়ে জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ উপলক্ষে যখন বঙ্কিম-স্মরণের মহোৎসব চলছে, ঠিক তখনই চরম বিতর্কিত বক্তব্য পেশ করে খবরের শিরোনামে উঠে এলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টির রচয়িতা হিসেবে তিনি নাম নিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের! দিলীপ ঘোষের দাবি অনুযায়ী, বন্দে মাতরম গানটি নাকি লিখেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। রাখিবন্ধনের দুটি পৃথক কর্মসূচিতে দাঁড়িয়ে মন্ত্রীর এমন বিতর্কিত মন্তব্যে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।

শুক্রবার রাখিবন্ধন উৎসবের এক অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘ভারতবর্ষের রাখি আমাদের শতাব্দী প্রাচীন ঐতিহ্য। আর পশ্চিমবঙ্গে সেই রাখিকে ভাই-বোনের সম্পর্কের গণ্ডি থেকে বের করে এনে রবি ঠাকুর বন্দে মাতরম গান লিখে বঙ্গভঙ্গ রদ করেছিলেন।” এর কিছুক্ষণ পরেই অন্য একটি সভায় উপস্থিত হয়ে তিনি পুনরায় দাবি করেন, ‘‘আমরা রাখিবন্ধনও উদযাপন করছি, আবার বন্দে মাতরম্ গানও গাইছি। যাঁরা আগে এই গান গাইতেন না, আজ তাঁরাও গাইতে বাধ্য হচ্ছেন, এটাই হল আসল পরিবর্তন। বন্দে মাতরম্ লিখেছেন খোদ কবিগুরু। সেই বাংলাতেই যদি বন্দে মাতরম্ না গাওয়া হয়, তবে এর চেয়ে দুঃখের আর কী হতে পারে?”

জাতীয় গানের রচয়িতা নিয়ে রাজ্যের মন্ত্রীর এমন বিভ্রান্তিকর দাবি সামনে আসতেই কড়া ভাষায় তোপ দাগে তৃণমূল কংগ্রেস। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, ‘‘ওঁরা যেভাবে একের পর এক ঐতিহাসিক ভুল উপহার দিচ্ছেন, তাতে বিজেপির নেতাদের জন্য বিশেষ পাঠ্যক্রম তৈরি করা উচিত।”

তবে দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হলেও তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। দলীয় ঢাল হয়ে তিনি সাফাই দিয়ে জানান, ‘‘দিলীপদা ভুল বলেছেন এটা আমরা বিশ্বাস করি না। বন্দে মাতরম্ গানটি সুর ও পরিবেশনের বিভিন্ন আঙ্গিকে গাওয়া হয়েছে, যার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে একটি বিশেষ সুরারোপিত আঙ্গিকে এটি গেয়েছিলেন।” উল্লেখ্য, বন্দে মাতরম্-এর ১৫০ বছর উপলক্ষে কেন্দ্র ও রাজ্য বিজেপির উদ্যোগে সারাদেশে যখন অখণ্ড বন্দে মাতরম্ গান গাওয়ার বিশেষ নির্দেশিকা চলছে, ঠিক সেই সময়ে বঙ্কিমচন্দ্রের বদলে রবীন্দ্রনাথের নাম নিয়ে মন্ত্রী দিলীপ ঘোষের এই মন্তব্য বিজেপিকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে।

Related Articles