রাজ্যের খবর

চোরবাগান কাণ্ডের আতঙ্ক! ভিড়ের চাপে ষষ্ঠীর রাতেই বন্ধ মানকুণ্ডুর জগদ্ধাত্রী পুজো মণ্ডপ!

জগদ্ধাত্রী পুজোয় নজিরবিহীন নিরাপত্তা! চন্দননগর ও ভদ্রেশ্বরে মোতায়েন ছয় কোম্পানি আধাসেনা ও তিন হাজার পুলিশ

Truth of Bengal: দুর্গাপুজো ও কালীপুজোর রেশ কাটতে না কাটতেই জগদ্ধাত্রী পুজোর উৎসবে মেতে উঠেছে হুগলির চন্দননগর ও মানকুণ্ডু। কিন্তু ষষ্ঠীর সন্ধ্যাতেই মানকুণ্ডু ও চন্দননগরে আছড়ে পড়া জনপ্লাবন মনে করিয়ে দিল উত্তর কলকাতার চোরবাগানের সেই ভয়াবহ স্মৃতি, যেখানে দুর্গাপুজোর সপ্তমীতে প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ১৯ জন দর্শনার্থীর প্রাণ গিয়েছিল। সেই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবার শুরু থেকেই অত্যন্ত কঠোর প্রশাসন। রবিবার ষষ্ঠীর রাতে অতিরিক্ত ভিড় ও ভিআইপি কনভয়ের জেরে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় রাত ৮টা নাগাদ মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেয় পুলিশ ও প্রশাসন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল থেকেই মানকুণ্ডু স্টেশন রোড এবং সার্কাস মাঠ সংলগ্ন চত্বরে কাতারে কাতারে দর্শনার্থীর ঢল নামতে শুরু করে। সন্ধ্যার পর সেই ভিড় কার্যত জনপ্লাবনের আকার নেয়। ঠিক সেই সময়ই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ পরিদর্শনে আসেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং দীপাঞ্জন গুহ-সহ অন্যান্য নেতারা। অভিযোগ, নেতাদের কনভয় মণ্ডপ চত্বরে প্রবেশ করতেই সাধারণ দর্শনার্থীদের মধ্যে প্রবল হুড়োহুড়ি ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই এবং চোরবাগানের মতো কোনও বড়সড় দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি আসরে নামে প্রশাসন। রাত ৮টার পর থেকেই সার্কাস মাঠ সংলগ্ন ওই পুজো মণ্ডপে প্রতিমা দর্শন ও সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে, চোরবাগান কাণ্ডের পর এই প্রথম জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর ও ভদ্রেশ্বরের নিরাপত্তায় নজিরবিহীন ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য প্রশাসন। প্রায় তিন হাজার রাজ্য পুলিশকর্মীর পাশাপাশি এবার পুজোর নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে ছয় কোম্পানি আধা সামরিক বাহিনী। জানা গিয়েছে, নির্বাচনের সময় থেকেই রাজ্যে থাকা এই আধাসেনাকেই পুজোর ভিড় সামাল দিতে কাজে লাগানো হচ্ছে। গোটা চন্দননগর ও ভদ্রেশ্বরের পুজো মণ্ডপগুলিকে মোট পাঁচটি জোনে ভাগ করা হয়েছে এবং ১১টি সেক্টরের দায়িত্বে রয়েছেন ডিসিপি ও এসিপি পদমর্যাদার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।

Related Articles