৭২টি বেনারসি ও ২২ কেজি সোনা-রুপোর অলংকারে রাজকীয় সাজে কৃষ্ণনগরের বুড়িমা!
চাষাপাড়া বারোয়ারির ‘বুড়িমা’ মানেই ভক্তদের উপচে পড়া ভিড়! মঙ্গলবার কৃষ্ণনগরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মাধব দেবনাথ, নদিয়া: জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে নদিয়ার কৃষ্ণনগর। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের ঐতিহ্যবাহী রাজবাড়ির আটচালা নাটমন্দির থেকে শুরু করে শহরের অলিগলি, সব জায়গাতেই এখন জগদ্ধাত্রী পুজোর উপচে পড়া আমেজ। এরই মাঝে ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃষ্ণনগরের বিখ্যাত চাষাপাড়া বারোয়ারির ‘দেবী বুড়িমা’। ভক্তদের বিশ্বাস ও মানত করা দানে প্রতিবছর আরও বেশি সুসজ্জিত হয়ে ওঠেন এই জাগ্রত দেবী। চলতি বছর বুড়িমার রূপ ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে ৭২টি বেনারসি শাড়ি এবং প্রায় ২২ কেজি সোনা ও রুপোর অলংকার। কাজলের ছোঁয়ায় ও হলুদ বর্ণের ছটায় দেবীর অপরূপ রূপ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ঐতিহ্যবাহী এই পুজোকে কেন্দ্র করে প্রতিবছরই লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে কৃষ্ণনগরে। মনস্কামনা পূরণের আশায় ভক্তরা সাধ্যমতো অর্থ, সোনা ও রুপার অলংকার দান করেন। সংকীর্ণ জায়গার মধ্যে মন্দির অবস্থিত হওয়ায় এবং উপচে পড়া ভিড় সামাল দিতে এবারও প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে, চলতি বছরের পুজোয় রয়েছে এক বিশেষ আকর্ষণ। সূত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলবার কৃষ্ণনগরের মাটিতে পা রাখতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃষ্ণনগরের রাজবাড়ি পরিদর্শনের পাশাপাশি তাঁর একাধিক ঐতিহাসিক ও জনপ্রিয় পুজো মণ্ডপ এবং প্রতিমা দর্শনের কথা রয়েছে। যার মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ অবশ্যই চাষাপাড়া বারোয়ারির দেবী বুড়িমা।
মুখ্যমন্ত্রীর এই সম্ভাব্য সফরকে কেন্দ্র করে সোমবার থেকেই কৃষ্ণনগরজুড়ে তিনস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ প্রশাসনের কড়া নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে পুরো চত্বর। অন্যদিকে, ভক্তদের জন্য কয়েক কুইন্টাল মহাভোগের বিশাল আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে, বুড়িমার অপরূপ রূপদর্শন এবং ভিড় নিয়ন্ত্রণ করতে প্রশাসনের তৎপরতায় জমজমাট হয়ে উঠেছে জগদ্ধাত্রী পুজোর এই কদিন।






