রণক্ষেত্র বনগাঁ সাহাপাড়া: তৃণমূল-বিজেপি সংঘর্ষে তুমুল উত্তেজনা
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে
Truth Of Bengal: রবিবার সকালে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বনগাঁর সাহাপাড়া এলাকা। বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া প্রচারে বেরোলে তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা ও ধস্তাধস্তি শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সাহাপাড়া এলাকায় দলীয় কর্মীদের নিয়ে জনসংযোগ করছিলেন অশোক কীর্তনীয়া। সেই সময় উল্টো দিক থেকে তৃণমূল কংগ্রেসের একটি মিছিল আসছিল। অভিযোগ, দুই মিছিল মুখোমুখি হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কর্মীরা বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। বিজেপি শিবিরের দাবি, প্রচার বানচাল করতেই তৃণমূল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে যে, সাধারণ মানুষের ক্ষোভের মুখেই পড়েছেন বিজেপি প্রার্থী।






