রাজ্যের খবর

মহেশতলায় সায়ন ব্যানার্জির সমর্থনে প্রচারে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়

বাম কর্মীদের মধ্যে এদিন বাড়তি উৎসাহ লক্ষ্য করা গেছে

গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা: নির্বাচনী লড়াইয়ের ময়দানে এবার বাম প্রার্থীর হয়ে পথে নামলেন বিশিষ্ট চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। রবিবার ১৫৫ মহেশতলা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী সায়ন ব্যানার্জির সমর্থনে এক বর্ণাঢ্য প্রচার কর্মসূচিতে অংশ নেন তিনি। মহেশতলা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মোল্লার গেট এলাকা থেকে এই জনসংযোগ কর্মসূচি শুরু হয়।

এদিন যুবনেতা সায়ন ব্যানার্জির সঙ্গে পা মিলিয়ে মহেশতলার বিভিন্ন অলিগলি পায়ে হেঁটে ঘোরেন কমলেশ্বর মুখোপাধ্যায়। তাঁকে দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। প্রচারের ফাঁকে পরিচালককে প্রার্থীর হয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করতে দেখা যায়। সেলিব্রিটি পরিচালক পাশে থাকায় বাম কর্মীদের মধ্যে এদিন বাড়তি উৎসাহ লক্ষ্য করা গেছে।

ভোটের আগে মহেশতলায় বামেদের এই হাই-ভোল্টেজ প্রচার রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বিশিষ্ট এই চিত্র পরিচালকের উপস্থিতি মহেশতলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলেই ধারণা করা হচ্ছে।

Related Articles