তৃতীয় কিস্তির টাকা মেলেনি? অন্নপূর্ণা ভাণ্ডারে কেন নাম বাদ পড়ল, কীভাবে ফের আবেদন করবেন?
সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, প্রয়োজনীয় নথিপত্রে কোনও সমস্যা না থাকলে যোগ্য উপভোক্তাদের নাম বাদ যাবে না
Truth of Bengal: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী সোমবার, ১৭ অগস্ট অন্নপূর্ণা ভাণ্ডারের তৃতীয় কিস্তির টাকা ছাড়ল রাজ্য সরকার। ইতিমধ্যেই বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা পৌঁছে গেলেও এখনও অনেক মহিলা সেই অর্থ পাননি। কেন তাঁদের নাম বাদ পড়ল, নতুন করে আবেদন করা যাবে কি না কিংবা কীভাবে আপত্তি জানাতে হবে—এই সব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আবেদনকারীদের মধ্যে। সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, প্রয়োজনীয় নথিপত্রে কোনও সমস্যা না থাকলে যোগ্য উপভোক্তাদের নাম বাদ যাবে না। তা সত্ত্বেও বহু আবেদনকারীর অ্যাকাউন্টে এখনও টাকা না ঢোকায় উদ্বেগ তৈরি হয়েছে।
জানা গিয়েছে, বর্তমানে বন্ধ থাকা অন্নপূর্ণা ভাণ্ডারের ‘সোশাল রেজিস্ট্রি’ পোর্টাল আগামী ১৯ অগস্ট থেকে ফের চালু হওয়ার কথা। যাঁদের আবেদন বাতিল হয়েছে বা যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের বিস্তারিত তথ্য ওই পোর্টালেই প্রকাশ করা হবে। পাশাপাশি কেন আবেদন বাতিল হয়েছে, তার কারণও উল্লেখ থাকবে সেখানে।
টাকা না পেলে কী করবেন?
প্রথমেই ২০ অগস্ট পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ, ওই সময় পর্যন্ত পর্যায়ক্রমে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০ অগস্টের পরেও টাকা না এলে ‘সোশাল রেজিস্ট্রি’ পোর্টালে গিয়ে নিজের আবেদনের বর্তমান অবস্থা পরীক্ষা করতে হবে। সেখানে নাম বাদ যাওয়ার কারণ দেখার পর ভুল তথ্য বা নথি থাকলে তা সংশোধন করে ‘ক্লেইম অ্যান্ড অবজেকশন’ জানানো যাবে। এরপর সংশ্লিষ্ট আবেদনটি ফের যাচাই করা হবে। পুনরায় ভেরিফিকেশনে আবেদনকারী যোগ্য বলে বিবেচিত হলে তাঁর অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা জমা হওয়ার পথ খুলবে।
কোন কারণে আবেদন বাতিল হতে পারে?
আবেদনকারীর পরিবারের আয় ও কর সংক্রান্ত তথ্য যাচাইয়ের সময় অসঙ্গতি ধরা পড়লে আবেদন বাতিল হতে পারে। করদাতা হিসেবে চিহ্নিত হলে আবেদন গ্রহণ না-ও করা হতে পারে। একইভাবে নির্ধারিত সীমার বেশি, অর্থাৎ ১০ হাজার টাকার বেশি আয় দেখানো থাকলেও আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
কোনও কোনও আবেদনকারীর নামের পাশে ‘Not Found’ লেখা থাকতে পারে। এর অর্থ, ভেরিফিকেশনের সময় সংশ্লিষ্ট ঠিকানায় গিয়ে আবেদনকারীকে পাওয়া যায়নি। এমন ক্ষেত্রেও পোর্টাল চালু হওয়ার পর সঠিক তথ্য দিয়ে আপত্তি জানিয়ে পুনরায় যাচাইয়ের সুযোগ পাওয়া যাবে। তাই অন্নপূর্ণা ভাণ্ডারের তৃতীয় কিস্তির টাকা এখনও না পেলে প্রথমে ২০ অগস্ট পর্যন্ত অপেক্ষা করা এবং তারপর ‘সোশাল রেজিস্ট্রি’ পোর্টালে আবেদনটির স্ট্যাটাস যাচাই করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।





