রাজ্যের খবর

রঘুনাথগঞ্জে পুলিশের সাফল্য, সীমান্তে টহলদারির সময় গ্রেফতার বাংলাদেশি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম পাইলট আলি, বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকায়।

কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: রঘুনাথগঞ্জে ফের এক বাংলাদেশি গ্রেফতার। মঙ্গলবার গভীর রাতে জঙ্গিপুর পৌরসভার পচার মোড়ে সীমান্তবর্তী এলাকায় টহলদারি চালানোর সময় পুলিশের হাতে গ্রেফতার এক বাংলাদেশি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম পাইলট আলি, বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকায়। মঙ্গলবার রাতে পচার মোড় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল পাইলট আলি। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় অসংলগ্ন বক্তব্য শুনে পুলিশের সন্দেহ হয়। তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। কাগজপত্র যাচাই করে পুলিশ নিশ্চিত হয় যে ধৃত ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক এবং তার কাছে বৈধভাবে ভারতে থাকার কোনও অনুমতি নেই।

পুলিশের প্রাথমিক অনুমান, অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ওই ব্যক্তি ভারতে প্রবেশ করেছে। ধৃত ব্যক্তি গরু পাচারের উদ্দেশ্যে সীমানা পেরিয়ে প্রবেশ করেছিল বলে অনুমান। কী উদ্দেশ্যে সে এই এলাকায় এসেছিল, তার সঙ্গে কোনও পাচারচক্র বা অন্য কোনও অসামাজিক কাজের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে, যাতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করে অনুপ্রবেশের রুট, সহায়তাকারী দালাল এবং সম্ভাব্য নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়। ঘটনার তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

Related Articles