রাজ্যের খবর

বালতি বালতি তাজা বোমা উদ্ধার! ভোটের আগে চরম আতঙ্ক মুর্শিদাবাদে

কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: ফের বিপুল পরিমাণ বোমা উদ্ধার। মুর্শিদাবাদ জেলায় একদিনে তিনটি পৃথক জায়গা থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। জেলার সামশেরগঞ্জ, সুতি এবং ফরাক্কা থানার এলাকায় অভিযান চালিয়ে মোট প্রায় ৮৫টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সামশেরগঞ্জ থানার লস্করপুর এলাকার একটি আমবাগানে সন্দেহজনকভাবে পড়ে থাকা একটি বালতি দেখে গ্রামবাসীরা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বালতির ভিতর থেকে প্রায় ৩০টি তাজা বোমা উদ্ধার করে। সঙ্গে সঙ্গেই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা জোরদার করা হয়। একই দিনে সুতি থানার মহিষাস্থলি এলাকার একটি ভুট্টা খেত থেকেও উদ্ধার হয় আরও একটি বালতি ভর্তি বোমা। স্থানীয়দের খবরের ভিত্তিতে সেখানে পৌঁছে পুলিশ প্রায় ৩৫টি তাজা বোমা উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

অন্যদিকে, ফরাক্কা থানার শঙ্করপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি বালতি থেকে প্রায় ২০টি তাজা বোমা উদ্ধার করা হয়। পরে বম্ব স্কোয়াড এসে সেগুলি নিরাপদ স্থানে নিষ্ক্রিয় করে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সমস্ত বোমা নিষ্ক্রিয় করার জন্য বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কে বা কারা এই বিপুল পরিমাণ বিস্ফোরক বিভিন্ন জায়গায় মজুত করেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে এবং পুলিশ পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।

Related Articles