দেশ

এবার এটিএম থেকেই মিলবে ১০, ২০ ও ৫০ টাকার খুচরো

এই চিরচেনা সমস্যা দূর করতেই এবার হাইব্রিড এটিএম আনার তোড়জোড় শুরু হয়েছে।

Truth of Bengal: বাজারে খুচরো টাকার আকাল মেটাতে এবার বড়সড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। বর্তমানে ডিজিটাল লেনদেনের রমরমা থাকলেও বাস্তবের চিত্রটা অনেক ক্ষেত্রেই ভিন্ন। দোকান-বাজারে কেনাকাটার পর খুচরো নোটের অভাবে প্রায়ই সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। অধিকাংশ এটিএম থেকে এখন শুধুমাত্র পাঁচশো টাকার নোট বের হয়, ফলে ছোট অর্থমূল্যের নোট জোগাড় করা বেশ দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এই চিরচেনা সমস্যা দূর করতেই এবার হাইব্রিড এটিএম আনার তোড়জোড় শুরু হয়েছে।

এই নতুন প্রযুক্তির হাইব্রিড এটিএমগুলোর বিশেষত্ব হলো, এখানে গ্রাহকরা ১০, ২০ এবং ৫০ টাকার নোট সহজেই পেয়ে যাবেন। সাধারণ এটিএমের মতো টাকা তোলা তো যাবেই, পাশাপাশি এই মেশিনগুলোতে থাকবে টাকা খুচরো করার বিশেষ সুবিধা। অর্থাৎ, কোনো গ্রাহক যদি বড় নোট জমা দেন, তবে মেশিনটি থেকে তার বদলে ছোট অর্থমূল্যের নোট ফেরত পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকারের এই ভাবনা বাস্তবায়িত হলে খুচরো সমস্যা মেটানোর ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজ বা পাইলট প্রোজেক্ট ইতিমধ্যেই মুম্বইয়ে শুরু হয়ে গিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, মুম্বইয়ে এই পরীক্ষা সফল হলে ধাপে ধাপে সারা দেশে এই হাইব্রিড এটিএম পরিষেবা চালু করা হবে। প্রাথমিক পরিকল্পনায় বলা হয়েছে, শুরুতেই রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং জনবহুল বাজার এলাকাগুলোতে এই বিশেষ এটিএম বসানো হবে যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যে ছোট নোট পৌঁছে দেওয়া যায়।