রাজ্যের খবর

Baduria: অস্থিরতার আবহে সম্প্রীতির ঢল! বাদুড়িয়ায় ৫ কিমি পদযাত্রায় সম্প্রীতি মেলার মহাবন্দনা

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ পদযাত্রার মধ্য দিয়ে বাদুড়িয়ায় শুরু হল সপ্তম বর্ষের সম্প্রীতি মেলা।

মন্টু সাহাজী, বসিরহাট: বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির প্রেক্ষাপটে এপার বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ পদযাত্রার মধ্য দিয়ে বাদুড়িয়ায় শুরু হল সপ্তম বর্ষের সম্প্রীতি মেলা।বাদুড়িয়ার দিলীপ কুমার মেমোরিয়াল হাই স্কুল মাঠে এই মেলার সূচনা হয়। পদযাত্রায় অংশ নেন বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ।

মেলার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বুরাহানুল মুকাদ্দিম। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও বনভূমি কর্মাধ্যক্ষ একে আব্দুল্লাহ রনি, বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলাম, মিহির ঘোষ, গৌতম গুপ্ত, সিদ্ধার্থ ভট্টাচার্য, বনি শাহনওয়াজ সরদার-সহ একাধিক জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা। এক সময় বাদুড়িয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয়েছিল। সেই অতীতকে পিছনে ফেলে সব ধর্মের মানুষ এই সম্প্রীতি মেলার মাধ্যমে ঐক্যের বার্তা দিলেন। মেলা প্রাঙ্গণে সীমান্ত এলাকা ও সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী শিল্পীদের ছৌ নৃত্য, ধামসা-মাদলের তালে অনুষ্ঠান দর্শকদের আকর্ষণ করছে।পৌষ পার্বণ উপলক্ষে মেলায় রয়েছে পিঠেপুলি-সহ নানা ধরনের ঐতিহ্যবাহী খাবারের সম্ভার।

পাশাপাশি হস্তশিল্পের স্টল, লোকজ সামগ্রীর প্রদর্শনী এবং শিল্পীদের নানান নৈপুণ্য মেলার অন্যতম আকর্ষণ। প্রান্তিক কৃষকদের উৎপাদিত শীতকালীন সবজির বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। এছাড়াও সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের স্টলের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ নাগরিক— সকলের জন্যই এই মেলায় প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। বুধবার থেকে শুরু হওয়া এই সম্প্রীতি মেলা চলবে টানা ৭ দিন। নতুন বছরের বর্ষবরণের মধ্য দিয়ে ৩১ ডিসেম্বর ২০২৫-এ এই মেলার সমাপ্তি ঘটবে।

Related Articles