দেশ

বান্ধবীর সামনেই তরুণীকে শ্লীলতাহানি ও মারধর, সিসিটিভিতে ধরা পড়ল হাড়হিম করা ছবি

পুলিশ সূত্রে খবর, গত রবিবার বিকেল প্রায় ৩টে ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে একটি পেয়িং গেস্ট (PG) আবাসের সামনে।

Truth Of Bengal: ভরদুপুরে ব্যস্ত রাস্তার মোড়ে এক তরুণীকে শ্লীলতাহানি এবং নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বেঙ্গালুরুতে গত ২২ ডিসেম্বর ঘটে যাওয়া এই রোমহর্ষক ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, কীভাবে অভিযুক্ত যুবক এক ২১ বছর বয়সী তরুণীর ওপর চড়াও হয়ে তাঁকে মারধর ও নিগ্রহ করছে। পুলিশ অভিযুক্ত নবীন কুমারকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, গত রবিবার বিকেল প্রায় ৩টে ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে একটি পেয়িং গেস্ট (PG) আবাসের সামনে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তরুণীটি একটি অনলাইন রাইড শেয়ারিং স্কুটির পাশে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় একটি গাড়ি নিয়ে সেখানে হাজির হয় অভিযুক্ত নবীন। গাড়ি থেকে নেমেই সে তরুণীর ব্যাগ ছিনিয়ে নিয়ে তল্লাশি শুরু করে। এরপর হঠাৎই তরুণীর শ্লীলতাহানি করে সে। প্রতিবাদ করলে তরুণীর মাথা ও পিঠে সজোরে আঘাত করতে শুরু করে অভিযুক্ত এবং তাঁকে রাস্তা দিয়ে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। চাঞ্চল্যকর বিষয় হলো, ঘটনার সময় সেখানে কয়েকজন পথচারী উপস্থিত থাকলেও কেউ তরুণীকে বাঁচাতে এগিয়ে আসেননি।

এফআইআর (FIR) অনুযায়ী, ২০২৪ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে নবীন ও ওই তরুণীর পরিচয় হয়। দীর্ঘদিনের আলাপ থাকলেও সম্প্রতি নবীন ওই তরুণীকে প্রেমের সম্পর্কের জন্য জোরাজুরি শুরু করে। তরুণী সেই প্রস্তাবে রাজি না হওয়ায় গত রবিবার সরাসরি তাঁর পিজি-র সামনে চড়াও হয় অভিযুক্ত।

পুলিশ জানিয়েছে, নবীন কুমারকে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর ও হেনস্থার ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। প্রকাশ্য দিবালোকে এমন নিরাপত্তা হীনতা এবং সাধারণ মানুষের নির্বিকার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related Articles