রাজ্যের খবর

অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ঢোকেনি? বড় ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, কবে মিলবে টাকা?

অন্নপূর্ণা যোজনা নিয়ে চরম বিভ্রান্তি! নবান্ন থেকে লক্ষ লক্ষ মহিলাদের কী বড় বার্তা দিলেন সুমনা সরকার?

Truth of Bengal: পূর্বে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যজুড়ে অন্নপূর্ণা যোজনার টাকা সরাসরি উপভোক্তা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি মেনে ১৭ আগস্ট থেকেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছচ্ছে ৩ হাজার টাকার আর্থিক সহায়তা। তবে প্রথম দিনেই বহু মহিলার অ্যাকাউন্টে টাকা না পৌঁছানোয় তৈরি হয়েছে চরম ধোঁয়াশা ও নানা বিভ্রান্তি। তবে সমস্ত আশঙ্কা উড়িয়ে দিয়ে বিষয়টিকে স্পষ্ট করেছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তিনি জানিয়েছেন, কোনও প্রকার গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই; যোগ্য সমস্ত উপভোক্তাই ধাপে ধাপে নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন।

সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের কাজের ১০০ দিন পূর্তির বিষয়টি উল্লেখ করেন মন্ত্রী সুমনা সরকার। বিভ্রান্তিকর খবরের কড়া জবাব দিয়ে তিনি জানান, “রাজ্যজুড়ে প্রায় ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছিল। তার মধ্যে সমস্ত নিয়ম মেনে ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য মহিলাকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৭ আগস্ট থেকে টাকা পাঠানো শুরু হয়েছে এবং আগামী ২০ আগস্ট পর্যন্ত ধাপে ধাপে সকলের অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া চলবে।”

বর্তমান সরকারের অত্যন্ত জনপ্রিয় এই অন্নপূর্ণা যোজনার আওতায় প্রতি মাসে ৩ হাজার টাকা করে সরাসরি আর্থিক সাহায্য দেওয়ার কথা বলা হয়েছিল। তবে অতীতের লক্ষ্মীভাণ্ডারের মতো অনিয়ম বা বেনোজল আটকাতে এবার বেশ কিছু কড়া মাপকাঠি ও শর্ত বেঁধে দেওয়া হয়েছে। নবান্ন থেকে বারবার স্পষ্ট করা হয়েছে যে কেবল যোগ্য ব্যক্তিরাই সরকারের এই সুবিধার অংশীদার হবেন।

সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী, যাঁদের ব্যক্তিগত মাসিক উপার্জন ১০ হাজার টাকার বেশি অথবা বার্ষিক পারিবারিক আয় ১২ লক্ষ টাকার উপরে, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এ ছাড়া অন্য কোনও সরকারি সামাজিক প্রকল্পের সুবিধা পান এমন ব্যক্তিরাও বাদ পড়বেন। তবে ছাড় দেওয়া হয়েছে বিশেষ কিছু ক্ষেত্রে, দিব্যাঙ্গ ভাতা কিংবা পিএম কিষাণ যোজনার প্রাপকরা এই ৩ হাজার টাকা পাবেন। পাশাপাশি ২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবা মহিলারা, শর্তসাপেক্ষে গ্রামীণ এলাকায় ৩টির বেশি ঘর বা ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলেও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন।

Related Articles