শিমলায় বেড়াতে গিয়ে অসুস্থ সোনিয়া গান্ধী, ভর্তি হাসপাতালে
Sonia Gandhi falls ill during Shimla visit, admitted to hospital
Truth Of Bengal: অসুস্থ সোনিয়া গান্ধী। শনিবার শিমলায় বেড়াতে গিয়ে অসুস্থ বোধ করায় দ্রুত ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। ৭৮ বছর বয়সী এই বর্ষীয়ান কংগ্রেস নেত্রী বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁকে বিভিন্ন শারীরিক পরীক্ষার জন্য আনা হয়েছে।
এই প্রসঙ্গে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর মিডিয়া উপদেষ্টা নরেশ চৌহান জানান, ‘ সোনিয়া গান্ধীর শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে আনা হয়েছে। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করছেন। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। বিস্তারিত রিপোর্ট এখনও আসেনি।’ সূত্রের খবর, সোনিয়া গান্ধীর এমআরআই করা হতে পারে । প্রয়োজনে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু নিজেও হাসপাতালে পৌঁছাবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই শিমলা গিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। শিমলায় মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বাগানবাড়িতে ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তাঁর। সেইসময় অসুস্থ হয়ে পড়লেন সোনিয়া গান্ধী। বলা বাহুল্য বেশ কিছুদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। দুবার কোভিডেও আক্রান্ত হয়েছেন তিনি। এরপর থেকেই বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগতে হচ্ছে সোনিয়া গান্ধীকে। বর্তমানে স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকেরা সম্পূর্ণ পরীক্ষার পরেই তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত জানাবেন বলে জানা গেছে। আচমকাই সোনিয়া গান্ধীর অসুস্থতায় কংগ্রেস শিবির এবং দলের কর্মীদের মধ্যে এই খবরে উদ্বেগ ছড়িয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনায় শুভেচ্ছার বার্তাও আসছে বিভিন্ন মহল থেকে।






