গভীর রাত ঘুরে বেড়াচ্ছে চোর, সিসিটিভি ভিডিও ভাইরাল হতেই পুলিশের জালে চোর
Thief roaming around late at night, CCTV video goes viral, thief caught by police
Truth Of Bengal: রাতের অন্ধকারে চুরি উদ্যেশ্যে নলডাঙা এলাকায় ঢুকে ঘোরাঘুরি করছিল কয়েকজন। রেইকি করে চুরি করাই ছিল তাদের উদ্যেশ্য,এমনটাই অভিযোগ নলডাঙ্গা এলাকাবাসীর। এর আগেও চুরি ডাকাতির ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় সিসিটিভি ক্যামেরায় ছবি ধরা পড়ায়। আর ভিডিও ভাইরাল হতেই দ্রুত পদক্ষেপ নেয় চন্দননগর পুলিশের চুঁচুড়া থানা।
গ্রেফতার করা হয় তিন জনকে। অভিযুক্তরা সকলেই চুঁচুড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এর আগেও ওই যুবকদের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলডাঙ্গা এলাকায়। দু’দিন আগে রাতের বেলায় এলাকার একাধিক বাড়িতে ঢোকার চেষ্টা করতে দেখা যায় চোরের দলকে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে তাদের গতিবিধি।কখনো তারা বাড়ির আশপাশে ঘোরাফেরা করছে, কখনো বা উঁকি দিচ্ছে জানালার ভেতর।
এরপর এলাকারই এক যুবক সেই সিসিটিভি ফুটেজ সমাজ মাধ্যমে শেয়ার করেন। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়, এবং সেখান থেকেই চন্দননগর থানার পুলিশ উদ্যোগী হয়ে তদন্ত শুরু করে। ভিডিও দেখে শনাক্ত করা হয় অভিযুক্তদের, এবং অবশেষে ধরা পড়ে তারা। নলডাঙ্গা এলাকাবাসীরা এই ঘটনার পর পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন। তবে তাদের অভিযোগ, এর আগেও এলাকায় একাধিকবার চুরির ঘটনা ঘটেছে, কিন্তু সেসব ক্ষেত্রে পুলিশের সক্রিয়তা দেখা যায়নি। যদিও এবার পুলিশের সক্রিয় ভূমিকায় কিছুটা স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ, তবে তারা চান ভবিষ্যতেও পুলিশ যেন এই ধরনের ঘটনায় তত্পর থাকে।
এলাকাবাসীদের বক্তব্য, সিসিটিভি থাকলেও দুষ্কৃতীদের মধ্যে কোনো ভয় নেই। প্রশাসনের নিয়মিত নজরদারি এবং টহলের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব বলেই তারা মনে করেন। তারা জানান, আগামী দিনে এলাকাবাসীর তরফ থেকে পুলিশের কাছে এই বিষয়ে লিখিতভাবে আবেদন জানানো হবে, যাতে এলাকায় নিরাপত্তা বজায় থাকে।






