দেশ

শেষ মুহূর্তে জবাব জমা দিলেন জুন মালিয়া-জগদীশ, ২৬ নভেম্বর বড় শুনানি

সর্বশেষ ৩ নভেম্বর আরও ২১ দিন সময় চেয়ে স্পিকারকে চিঠি দেওয়া হয়।

Truth of Bengal: দলত্যাগ বিরোধী আইনে সাংসদ পদ খারিজের নোটিসের জবাব জমা দিলেন এনসিপিআইয়ের ২০ সাংসদ। বারবার সময় চাওয়ার পর অবশেষে প্রায় সব সাংসদই নিজেদের জবাব স্পিকারের দফতরে পাঠিয়েছেন। মঙ্গলবার সকালে জুন মালিয়া ও জগদীশ বাসুনিয়া-সহ কয়েকজনের জবাব জমা পড়েছে বলে খবর।

এর আগে অন্তত পাঁচবার সময় চেয়েছিলেন সাংসদরা। সর্বশেষ ৩ নভেম্বর আরও ২১ দিন সময় চেয়ে স্পিকারকে চিঠি দেওয়া হয়। তার জবাবে ২৪ নভেম্বর পর্যন্ত চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করে স্পিকারের দফতর।

এনসিপিআই সূত্রে খবর, নভেম্বরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহেই কয়েকজন সাংসদ তাঁদের জবাব জমা দিয়েছিলেন। সোমবার ও মঙ্গলবার সকাল মিলিয়ে বাকিরাও আলাদা আলাদাভাবে নিজেদের বক্তব্য পাঠিয়েছেন।

উল্লেখ্য, দলত্যাগ বিরোধী আইনে ২০ সাংসদের পদ খারিজের দাবিতে প্রত্যেকের বিরুদ্ধে পৃথক আবেদন জমা দিয়েছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকারের তরফে প্রাথমিক পদক্ষেপ না হওয়ায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এরপরই প্রত্যেক সাংসদকে পৃথক নোটিস পাঠিয়ে জবাব তলব করেন স্পিকার।

সুপ্রিম কোর্ট অবশ্য স্পিকারের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি। তবে গোটা প্রক্রিয়া যাতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়, তা নজরে রাখার কথা জানিয়েছিল শীর্ষ আদালত। আগামী ২৬ নভেম্বর, বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি। ফলে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Related Articles