দেশ

ছ’বছরের বিচ্ছেদে ইতি! ২০২৭-এর ভোটের আগে ফের একজোট বিজেপি-অকালি দল

জোট ঘোষণায় অমিত শাহ বলেন, সুখবীর সিং বাদলের নেতৃত্বাধীন অকালি দল বিজেপির দীর্ঘদিনের পুরনো বন্ধু।

ছ’বছরের রাজনৈতিক বিচ্ছেদের অবসান। ২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের জোট বাঁধল বিজেপি ও শিরোমণি অকালি দল। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিক সম্মেলন করে এনডিএ-র অধীনে আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।

জোট ঘোষণায় অমিত শাহ বলেন, সুখবীর সিং বাদলের নেতৃত্বাধীন অকালি দল বিজেপির দীর্ঘদিনের পুরনো বন্ধু। অতীতে দুই দল একসঙ্গে একাধিক নির্বাচনে লড়েছে। কখনও জয় এসেছে, কখনও পরাজয়। মাঝখানে সম্পর্কের ছেদ পড়লেও এবার সেই পুরনো সম্পর্ক নতুন করে গড়ে উঠল। জোটের প্রত্যাবর্তনে তিনি খুশি বলেও জানান।

এদিন পাঞ্জাবের জন্য একাধিক রাজনৈতিক লক্ষ্যের কথাও তুলে ধরেন শাহ। দুর্নীতিমুক্ত রাজ্য গঠন, জাতীয়তাবাদী শক্তিগুলিকে একজোট করা এবং মাদক সমস্যার মোকাবিলাকে যৌথ নির্বাচনী ইস্তেহারের অন্যতম প্রধান বিষয় করা হবে বলে জানান তিনি।

বিশেষ করে পাঞ্জাবে মাদক কারবার নির্মূলের বিষয়ে কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ঘোষণা, বিজেপি-অকালি জোট ক্ষমতায় এলে ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পাঞ্জাবকে সম্পূর্ণ মাদকমুক্ত রাজ্যে পরিণত করার লক্ষ্য নেওয়া হবে।

একইসঙ্গে রাজ্যের শাসক দল আম আদমি পার্টি এবং কংগ্রেসের বিরুদ্ধে সরব হন শাহ। অন্যদিকে, সুখবীর সিং বাদল এই জোটকে নিছক রাজনৈতিক সমীকরণ নয়, বরং আবেগের সম্পর্ক বলে উল্লেখ করেন। তাঁর কথায়, তাঁর প্রয়াত বাবা বলতেন, এই জোট পাঞ্জাবের স্বার্থে এবং রাজ্যের মানুষের কল্যাণের জন্য। তাঁর বাবা, লালকৃষ্ণ আডবাণী ও অটলবিহারী বাজপেয়ী এই সম্পর্কের ভিত তৈরি করেছিলেন।

Related Articles