খেলা

সঞ্জীব গোয়েঙ্কার ভুল স্বীকার, এবার দলকে ঠিক করার লড়াই

সোশ্যাল মিডিয়ায় নিজের জনপ্রিয়তা নিয়ে তিনি মজার স্বীকারোক্তিও করেছেন।

Truth Of Bengal: আইপিএলের উত্তাপের মাঝেই সামাজিক মাধ্যমে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। প্রকাশ্যে কেএল রাহুলের সঙ্গে বিবাদ, বারবার ডাগ আউটে কোচ ও ক্রিকেটারদের সঙ্গে বাক্য বিনিময়— সব মিলিয়ে লখনউ সুপার জায়ান্টসের কর্ণধারকে ট্রোল এবং সমালোচনার মুখে পড়তে হয়েছে। সম্প্রতি তিনি নিজেই স্বীকার করেছেন, সোশাল মিডিয়ার চাপে হয়তো তিনি ভুল করেছেন। ‘আমি সোশাল মিডিয়াকে বুঝিনি, তাই ভুল করেছি’, বললেন তিনি।

কিন্তু গোয়েঙ্কার ভুল কেবল প্রকাশ্যে আচরণের মধ্যে সীমাবদ্ধ ছিল না। গত মরশুমে দলের নির্বাচনে ভারসাম্য রক্ষা করতে ব্যর্থ হওয়াও তিনি মানছেন। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে ধরণের দল প্রয়োজন, সেই দলে যথাযথ ভারসাম্য ছিল না। তিনি বলেন, ‘যখন দলের চারজন প্রধান বোলার অনুপস্থিত, অধিনায়কের হাতে অনেক কিছু থাকে না। আমার ঋষভ পন্থের ওপর পূর্ণ আস্থা আছে।”

সোশ্যাল মিডিয়ায় নিজের জনপ্রিয়তা নিয়ে তিনি মজার স্বীকারোক্তিও করেছেন। বলেছেন, ‘আমাকে অনেকেই ভাল পাঞ্চিং ব্যাগ মনে করেন। সোশাল মিডিয়ার ২–৫ শতাংশই বুঝি, বাকি ৯০ শতাংশই বুঝি না।’ এই স্বীকৃতিতে লোকে হয়তো হেসেছে, কিন্তু এটা দেখাচ্ছে তাঁর খোলামেলা মনোভাব।

ভুল স্বীকারের পর তিনি আরও যোগ করেন, ‘গত বছর আমরা ট্রফি জয়ের মতো দল তৈরি করতে পারিনি। নিলামে ভুল করেছি, প্রস্তুতিতে ভুল করেছি। এবার সেই ভুলগুলি শুধরে নেওয়ার চেষ্টা করছি। জেতার জন্য দলে ভারসাম্য দরকার।’

এবার প্রশ্ন হল, এই আত্মমীমাংসা কি লখনউ সুপার জায়ান্টসের ভাগ্য বদলাবে? দলে কি এবার ঠিকঠাক ভারসাম্য তৈরি হয়েছে? আইপিএলের আসন্ন মরশুমে এই লড়াই দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছে।