রাজ্যের খবর

পৌষ মেলার প্রস্তুতি তুঙ্গে! স্টলের ভাড়া বাড়াল বিশ্বভারতী, প্রকাশিত নতুন রেট চার্ট

মেলায় স্টল বুকিংয়ের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে

Truth of Bengal: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই ঐতিহ্যের টানে জমে উঠবে শান্তিনিকেতনের বিশ্বখ্যাত পৌষ মেলা। বাংলা ৭ পৌষ থেকে পূর্বপল্লীর মাঠে শুরু হতে চলেছে এই মেলা। ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এরই মধ্যে মেলায় স্টল বুকিংয়ের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার অধিকাংশ বিভাগের স্টল ভাড়া ১০ শতাংশ বাড়ানো হয়েছে। ফলে মেলায় দোকান দিতে ইচ্ছুক ব্যবসায়ীদের খরচও বাড়তে চলেছে। বিশ্বভারতী প্রকাশিত নতুন রেট চার্ট অনুযায়ী, প্রতি বর্গফুট হিসেবে বাঁশ, বেত, মাদুর, হস্তশিল্প, বই ও নার্সারির স্টলের ভাড়া ধার্য করা হয়েছে ৪৪ টাকা। কোম্পানির কসমেটিক্স, ওষুধ এবং গৃহস্থালির সামগ্রীর স্টলের জন্য দিতে হবে ১১০ টাকা। একই ভাড়া রাখা হয়েছে সরকারি স্টল ও প্রদর্শনীর ক্ষেত্রেও। শালের স্টলের ভাড়া প্রতি বর্গফুট ৪৯ টাকা ৫০ পয়সা। খাবার, রেস্তরাঁ ও মনিহারি স্টলের ক্ষেত্রে ভাড়া ২৭ টাকা ৫০ পয়সা। অন্যদিকে, হার্ডওয়্যার, কম্বল ও পাথরের সামগ্রীর স্টলের জন্য প্রতি বর্গফুটে খরচ হবে ২২ টাকা।

শুধু স্টল ভাড়াই নয়, বিদ্যুতের খরচের বিষয়েও নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। ছয় দিনের মেলা চলাকালীন প্রতি ১০০ ওয়াট বিদ্যুৎ ব্যবহারের জন্য ব্যবসায়ীদের মোট ৮৮০ টাকা দিতে হবে। এবার মেলার স্টল বিন্যাসেও থাকছে বেশ কিছু পরিবর্তন। দর্শনার্থীদের চাহিদার কথা মাথায় রেখে খাবারের দোকানের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গতবারের তুলনায় কমানো হচ্ছে মনিহারি স্টলের সংখ্যা। শুধু তাই নয়, মনিহারি স্টলের অবস্থানেও পরিবর্তন আনা হয়েছে। ফলে পুরনো ব্যবসায়ীদেরও এবার নতুন জায়গায় দোকান সাজাতে হবে। স্টল বুকিংয়ের ক্ষেত্রেও পুরনো ব্যবসায়ীদের কিছুটা বাড়তি সময় দিয়েছে বিশ্বভারতী। তাঁদের জন্য বুকিংয়ের শেষ দিন বাড়িয়ে ২৫ নভেম্বর করা হয়েছে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুরনো স্টল মালিকদের বুকিং প্রক্রিয়া শেষ হওয়ার পরেই নতুন আবেদনকারীদের জন্য স্টল বুকিংয়ের সুযোগ খুলে দেওয়া হবে।

তবে পৌষ মেলার গুরুত্ব শুধুমাত্র ব্যবসা-বাণিজ্য বা কেনাকাটার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে শান্তিনিকেতনের ইতিহাস, ব্রাহ্মধর্মের ঐতিহ্য এবং ঠাকুর পরিবারের স্মৃতি। ১৮৪৩ সালের ২১ ডিসেম্বর, বাংলা ১২৫০ সনের ৭ পৌষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রাহ্মধর্মে দীক্ষা গ্রহণ করেন। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতেই পরবর্তীকালে শান্তিনিকেতনে পৌষ উৎসবের সূচনা হয়। ১৮৪৫ সালে শান্তিনিকেতনে প্রথম ব্রাহ্মমন্দির প্রতিষ্ঠা ও উপাসনা শুরু হয়। এরপর ১৮৯১ সালে, ১২৯৮ বঙ্গাব্দের ৭ পৌষ প্রতিষ্ঠিত হয় উপাসনাগৃহ বা কাচমন্দির। সেই ঐতিহ্যকে সঙ্গে নিয়েই বছরের পর বছর ধরে বাঙালির আবেগের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে শান্তিনিকেতনের পৌষ মেলা। এবারও মেলাকে ঘিরে পর্যটক, শিল্পী, হস্তশিল্পী ও ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।

Related Articles