কলকাতা

কাউন্সিলরস ক্লাবে সাভারকরের ছবি, কী বলছেন পুরসভার জনপ্রতিনিধিরা?

কাউন্সিলরস ক্লাবের দোতলায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও বি আর আম্বেদকরের ছবির পাশেই টাঙানো হয়েছে সাভারকরের ছবি।

Truth of Bengal: পালাবদলের বাংলায় এবার কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবের দেওয়ালে জায়গা পেলেন বিনায়ক দামোদর সাভারকর। মঙ্গলবার রাস পূর্ণিমা উপলক্ষে পুরসভায় ছুটি থাকায় একাধিক মনীষীর ছবি নতুন করে টাঙানো হয়। সেই তালিকায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও রানি লক্ষ্মীবাঈয়ের পাশাপাশি সাভারকরের ছবি থাকায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

কাউন্সিলরস ক্লাবের দোতলায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও বি আর আম্বেদকরের ছবির পাশেই টাঙানো হয়েছে সাভারকরের ছবি। এই জায়গায় কাউন্সিলরদের দপ্তরের পাশাপাশি সাংবাদিক বৈঠকেরও আয়োজন করা হয়। ফলে নতুন ছবি ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

বিজেপি ক্ষমতায় আসার পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান তুলে ধরতে কলকাতা পুরসভায় তাঁর ছবি বসানোর পরিকল্পনা করা হয়েছিল। রানি লক্ষ্মীবাঈ-সহ আরও কয়েকজন মনীষীর ছবিও টাঙানোর কথা ছিল। কিন্তু সেই তালিকায় সাভারকরের অন্তর্ভুক্তি নিয়ে আপত্তি তুলেছেন তৃণমূলের কাউন্সিলররা।

তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায় সাভারকরের ছবির বিরোধিতা করেছেন। তাঁর বক্তব্য, কলকাতা পুরসভার সঙ্গে সাভারকরের সরাসরি কোনও সম্পর্ক নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তাই তাঁর ছবি টাঙানো যুক্তিযুক্ত। কিন্তু সাভারকরের ছবি নিয়ে তাঁদের আপত্তি রয়েছে।

এই সিদ্ধান্তের প্রতিবাদে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের পক্ষ থেকে সম্মিলিতভাবে পুর কমিশনারকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আসন্ন পুরভোটের আগে কলকাতা পুরসভার দেওয়ালে সাভারকরের ছবি বসানোকে কেন্দ্র করে ‘ছোট লালবাড়ি’র রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হল।

Related Articles