শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: একের পর এক, ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে প্রশ্নের মুখে খড়গপুর আইআইটি। চলতি বছরেই এখনও পর্যন্ত দেশের প্রাচীনতম আইআইটিতে ৩ জন ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত তিন বছরেও একাধিক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে। এই ছাত্র মৃত্যু নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই মৃত্যু ঠেকাতে এবার নতুন উদ্যোগ খড়গপুর আইআইটির। সেখানে প্রযুক্তির সঙ্গে মিশছে ‘মায়ের ভালোবাসা’ (IIT Kharagpur)।
যাতে অকালে আর কোনও প্রাণ ঝরে না যায় সেই লক্ষ্য নিয়ে নতুন একটি অ্যাপ আনতে চলেছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। মঙ্গলবার খড়গপুর আইআইটির ৭১ তম সমাবর্তন অনুষ্ঠান। এই সমাবর্তনে পড়ুয়াদের জন্য নতুন অ্যাপ নিয়ে আসার কথা জানালেন খড়্গপুর আইআইটির ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী। তিনি জানিয়েছেন, এই প্রতিষ্ঠানে যাতে আর কোনও পড়ুয়ার অস্বাভাবিক এবং অকাল মৃত্যু না হয় তার জন্যই নতুন একটি অ্যাপ চালু করা হচ্ছে (IIT Kharagpur)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
ওই অ্যাপের নাম দেওয়া হয়েছে ‘সেতু’। যেখানে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য ও সার্বিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। সুমন চক্রবর্তী ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন হস্টেল ঘুরে দেখার কাজ শুরু করেছেন। তিনি কথা বলছেন পড়ুয়াদের সঙ্গেও। পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাঁদের মনের কথা বোঝার চেষ্টা করেছেন তিনি। তার পরেই এই অ্যাপ তৈরির উদ্যোগ। সেখানে লাগাতার ছাত্রমৃত্যুর ঘটনার প্রতিরোধেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন আইআইটি কর্তৃপক্ষ (IIT Kharagpur)।






