Madrasah Group D Recruitment: ১৫ বছর পর কাটল নিয়োগের জট, মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগে ছাড়পত্র হাই কোর্টের
বিচারপতির নির্দেশ, ২০১০ সালের নিয়োগবিধি অনুযায়ীই নিয়োগের কাজ চালিয়ে যেতে হবে কমিশনকে।
Truth of Bengal: দীর্ঘ দেড় দশকের প্রতীক্ষার অবসান। মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে অবশেষে সবুজ সংকেত দিল কলকাতা হাই কোর্ট। ২০১০ সালে রাজ্যের মাদ্রাসাগুলিতে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। পরীক্ষা হয়েছিল ২০১১ সালে। কিন্তু নানা আইনি জটিলতায় নিয়োগপ্রক্রিয়া আটকে ছিল এত দিন (Madrasah Group D Recruitment)।
আরও পড়ুন: Bad Road: দিগড়া–নগরা রাস্তার বেহাল দশা, চরম অব্যবস্থায় ৩০০ পরিবার
এবার হাই কোর্টের নির্দেশে সেই জট কাটল। এই মামলার শুনানিতে বিচারপতি পার্থসারথি সেনের একক বেঞ্চ জানায়, আগামী ২১ দিনের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে নিয়োগপ্রক্রিয়ার চূড়ান্ত ফল প্রকাশ করতে হবে। বিচারপতির নির্দেশ, ২০১০ সালের নিয়োগবিধি অনুযায়ীই নিয়োগের কাজ চালিয়ে যেতে হবে কমিশনকে। জানা গেছে, রাজ্যের বিভিন্ন মাদ্রাসায় বর্তমানে গ্রুপ-ডি পদে ২৯২টি শূন্যপদ রয়েছে। এতদিন সেই পদগুলিতে নিয়োগ না হওয়ায় একাধিক পরীক্ষার্থী আদালতের দ্বারস্থ হন (Madrasah Group D Recruitment)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
তাঁদের পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিম এবং সুমনশঙ্কর চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, ২০১১ সালে নিয়োগের পরীক্ষা নেওয়া হলেও, পরীক্ষা পদ্ধতি নিয়ে অসন্তুষ্ট একাধিক প্রার্থী আদালতে মামলা করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ফের পরীক্ষা নেওয়া হয়। কিন্তু মামলা-মোকদ্দমা চলতেই থাকে, যার ফলে এত বছর ধরে ঝুলে থাকে নিয়োগপ্রক্রিয়া। অবশেষে, ২০২৫ সালে এসে কলকাতা হাই কোর্টের রায়ে আশার আলো দেখতে পেলেন চাকরিপ্রার্থীরা। আদালতের নির্দেশে প্রায় ৩০০টি শূন্যপদে নিয়োগের পথ অবশেষে সুগম হল (Madrasah Group D Recruitment)।






