খেলা

সফর শেষে দেশে ফিরতেই কঠিন পরীক্ষার মুখে লিয়োনেল মেসি! কেন স্থগিত বোনের বিয়ে?

চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ হতে মারিয়ার বেশ কিছুটা সময় লাগবে।

Truth Of Bengal: তিন দিনের ভারত সফর সেরে সদ্য দেশে ফিরেছেন ফুটবল রাজপুত্র লিওনেল মেসি। কিন্তু দেশে ফিরেই ঘোর দুঃসংবাদ পেলেন তিনি। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর বোন মারিয়া সোল মেসি। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি মারিয়া। সূত্রের খবর, পরিস্থিতি ছিল অত্যন্ত সঙ্কটজনক। যদিও আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বর্তমানে তিনি বিপদমুক্ত।জানা গিয়েছে, আমেরিকার মায়ামিতে নিজের গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা মারেন মারিয়া। দুর্ঘটনার জেরে তাঁর শরীরের একাধিক অংশ পুড়ে যায়। পাশাপাশি গুরুতর চোট লাগে মেরুদণ্ডে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মেসির মা সেলিয়া জানিয়েছেন, মারিয়ার কবজির কিছু অংশ পুড়ে গিয়েছে, মেরুদণ্ডের দুটি কশেরুকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাঁর গোড়ালিও ভেঙে গিয়েছে। চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ হতে মারিয়ার বেশ কিছুটা সময় লাগবে।

এই দুর্ঘটনার বড় প্রভাব পড়েছে মারিয়ার ব্যক্তিগত জীবনেও। আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোজারিও শহরে দীর্ঘদিনের প্রেমিক হুলিয়ানের সঙ্গে বিয়ের কথা ছিল তাঁর। সেই অনুষ্ঠানে লিওনেল মেসিরও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু দুর্ঘটনার কারণে আপাতত অনির্দিষ্টকালের জন্য বিয়েটি স্থগিত রাখা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, মারিয়ার প্রেমিক হুলিয়ান বর্তমানে ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ। ছোটবেলা থেকেই রোজারিওতে একসঙ্গে বড় হওয়া এবং দীর্ঘদিনের সম্পর্ক তাঁদের।সূত্রের খবর, ভারত সফরের পর এই মুহূর্তে ছুটিতে রয়েছেন মেসি। তিনিও এখন রোজারিওতেই রয়েছেন। অবসর যাপনের পাশাপাশি বোনের বিয়ের প্রস্তুতিতেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। কিন্তু আচমকা এই দুর্ঘটনায় সব পরিকল্পনায় ছেদ পড়েছে। আপাতত বোনের শারীরিক অবস্থাই লিওনেল মেসির একমাত্র চিন্তার কারণ।

প্রসঙ্গত, সদ্য ভারত সফরে এসেছিলেন মেসি। সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি’পল। কলকাতা দিয়ে শুরু হয়েছিল সেই সফর। এরপর হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতে সফর নির্বিঘ্নে সম্পন্ন করেন তিনি। সফরের শেষ পর্বে আম্বানিদের ভানতারা পরিদর্শনও করেছিলেন আর্জেন্টিনা তারকা।এরপর দেশে ফিরতেই দুর্ঘটনার কবলে পড়লেন মেসির  বোন মারিয়া সোল মেসি।

Related Articles