লখনউ দলে অধিনায়ক বনাম কোচ মতানৈক্য! পন্থের সঙ্গে বৈঠক গোয়েঙ্কার
Captain vs coach disagreement in Lucknow team! Goenka meets Pant
Truth Of Bengal: সোমবার আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করেছিল লখনউ সুপার জায়ান্ট। সেই ম্যাচে অক্ষর প্যাটেলের দলের কাছে হারের মুখ দেখেন সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ। খেলা শেষে প্রথম ম্যাচে হারের পর্যালোচনা করতে গিয়ে অধিনায়ক পন্থ ও সহকারী ক্লুজনার ভিন্ন পথে হাঁটলেন।
এই ম্যাচে দিল্লি দলের হয়ে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেন অভিষেক শর্মা। মূলত তাঁর ব্যাটিংয়েই হারের মুখ দেখতে হয় লখনউকে। ম্যাচে হারের প্রসঙ্গ ব্যাখ্যা করতে গিয়ে লখনউ অধিনায়ক পন্থ বলেন, ‘আমাদের দলের ব্যাটাররা যথেষ্ট ভাল ব্যাট করেছেন। তা নিয়ে কোনও কথাই হবে না। এই উইকেটে ২০৯ রান আমরা করেছিলাম। তা যথেষ্ট ছিল।’
পন্থের এই বক্তব্যকে সমর্থন করলেন না দলের সহকারী কোচ ক্লুজনার। তাঁর মতে, ‘এই রান করে ম্যাচ জেতা কঠিন। আমাদের স্বীকার করতে হবে ম্যাচ জেতার জন্য আরও ২০-৩০ রান বেশি দরকার ছিল। সে কারণেই আমাদের দলের বোলাররা শেষ ওভারগুলিতে চাপে পড়ে গিয়েছিলেন।’
পাশাপাশি প্রতিপক্ষ দলকে জেতার জন্যও শুভেচ্ছা জানান ক্লুজ। উইকেটের-ও প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি আগামী হায়দরাবাদ ম্যাচের আগে দলের সমস্যাগুলি মিটিয়ে নিয়েই কামিন্সদের বিপক্ষে মাঠে নামার জন্য তৈরি হবেন বলেও জানান লখনউ অধিনায়ক।
এদিকে গত আইপিএল-র স্মৃতি ফের ভেসে উঠল সোমবার লখনউ বনাম দিল্লি ম্যাচে। সেবার একটি ম্যাচে হারের জন্য লখনউ দলের তৎকালীন কোচ কেএল রাহুলের সঙ্গে মাঠের মধ্যেই সঞ্জীব গোয়েঙ্কার ভর্ৎসনার দৃশ্য আজও টাটকা ক্রিকেটপ্রেমীদের চোখে। এবার সেই স্মৃতি ফিরে এল সোমবার দিল্লির কাছে ম্যাচ হারের পর এলএসজি অধিনায়ক পন্থের সঙ্গে কথা বলতে দেখা যায় সঞ্জীব গোয়েঙ্কাকে।
এমনকি দুজনকে খুবই সিরিয়াস দেখাচ্ছিল কথা বলার সময়। সে কারণেই ক্রিকেটপ্রেমীদের মনে শঙ্কা জেগেছে আবার কি রাহুল-গোয়েঙ্কার স্মৃতি ফের ফিরে এল! এদিকে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন সোমবার দিল্লির বিরুদ্ধে হারের পর পন্থের সঙ্গে যেভাবে কথা বলছিলেন সঞ্জীব গোয়েঙ্কা তাতে তাঁকে একেবারেই উত্তেজিত হতে দেখা যায়নি। বরঞ্চ শান্তভাবেই পন্থের সঙ্গে কথা বলছিলেন তিনি।
উল্লেখ্য, কেএল রাহুলকে এবারের আইপিএল-র মেগা নিলামে ছেড়ে দিয়ে ২৭ কোটি টাকার বিনিময়ে পন্থকে দলে নিয়েছে লখনউ। কিন্তু প্রথম ম্যাচেই দিল্লির কাছে হারতে হয়েছে গোয়েঙ্কার লখনউকে। ফলে অধিনায়ক হিসাবে ম্যাচের হারের জন্য স্বাভাবিকভাবেই পন্থের দিকে অভিযোগের আঙুল উঠেছে।






