আন্তর্জাতিক

গন্তব্য বদল, চিনমুখী রুশ তেলবাহী জাহাজ এল ভারতে

বিশেষত ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Truth Of Bengal: রাশিয়ার অপরিশোধিত তেল নিয়ে অবশেষে ভারতে পৌঁছল ট্যাঙ্কার। রাশিয়ার অপরিশোধিত তেল নিয়ে অ্যাকোয়া টাইটান নামের একটি ট্যাঙ্কার, যা প্রথমে চিনের উদ্দেশে রওনা দিয়েছিল, গন্তব্য পরিবর্তন করে শেষমেশ ভারতে আসে। বর্তমানে  ম্যাঙ্গালুরু বন্দরে নোঙর করে রাখা আছে জাহাজটি। সূত্রের খবর, অন্তত সাতটি রুশ তেলবাহী ট্যাঙ্কার একইভাবে তাদের নির্ধারিত গন্তব্য বদলে ভারতের দিকে রওনা দিয়েছে। এর মধ্যে ‘অ্যাকোয়া টাইটান’ই প্রথম, যা বাস্তবে ভারতীয় বন্দরে পৌঁছল।

১৮ মার্চ প্রকাশ্যে আসে পশ্চিম এশিয়ায় সংঘর্ষের ঘটনা।  বিশেষত ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নিজের জ্বালানি চাহিদা মেটাতে বিকল্প উৎসের দিকে নজর দেয় ভারত। পাশাপাশি, ‘নিষিদ্ধ’ রুশ তেল কেনার ক্ষেত্রে আমেরিকার তরফে সাময়িক ছাড় পাওয়াও এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মনে করা হচ্ছে। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী সংস্থা ভর্টেক্সা–র মতে, এই ট্যাঙ্কারগুলি প্রথমে চিনের দিকে গেলেও পরিস্থিতির পরিবর্তনে তারা ভারতের দিকে মোড় নেয়।

ম্যাঙ্গালুরু বন্দরে পৌঁছনোর পর পাইপলাইনের মাধ্যমে সরাসরি শোধনাগারে অপরিশোধিত তেল পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দ্রুত প্রক্রিয়াকরণের জন্য প্রস্তুতিও সম্পূর্ণ বলে বন্দর সূত্রে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাপ্রবাহ আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধ পরিস্থিতির জেরে সরবরাহে চাপ এবং ভারতের বিকল্প উৎস নিশ্চিত করার কৌশল—এই দুইয়ের মিলিত প্রভাবে ভবিষ্যতে আরও এমন রুট পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, চিনমুখী রুশ তেলের জাহাজের ভারতে আগমন শুধুমাত্র তাৎক্ষণিক জ্বালানি চাহিদা মেটানোর ঘটনা নয়, বরং বৈশ্বিক রাজনীতি ও বাণিজ্য কৌশলের গুরুত্বপূর্ণ বার্তাও বহন করছে।

Related Articles