Rinku Singh: ২২ গজে রিঙ্কু-তাণ্ডব! বিজয় হাজারে ট্রফিতে হ্যাটট্রিক হাফসেঞ্চুরি
টানা তৃতীয় ম্যাচে হাফসেঞ্চুরি হাঁকালেন তিনি। রিঙ্কু যে এখন একেবারে অপ্রতিরোধ্য ছন্দে রয়েছেন, সেটা বোঝাই যাচ্ছে।
Truth of Bengal: ঘরোয়া ক্রিকেটে ২২ গজে ঝড় তুলছেন রিঙ্কু সিং। বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশের অধিনায়ক সোমবারও বরোদার বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং করলেন। টানা তৃতীয় ম্যাচে হাফসেঞ্চুরি হাঁকালেন তিনি। রিঙ্কু যে এখন একেবারে অপ্রতিরোধ্য ছন্দে রয়েছেন, সেটা বোঝাই যাচ্ছে। পরের বছর টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার পর যেন আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে তাঁর ব্যাট।
সোমবারও বরোদার বিরুদ্ধে ফের ব্যাটে ঝড় তোলেন রিঙ্কু সিং। উত্তরপ্রদেশের হয়ে উপহার দিলেন অধিনায়কোচিত একটি ইনিংস। ৬৭ বলে ৬৩ রান করেন, যা সাজানো ছিল ৩টি ওভার বাউন্ডারি ও ২টি বাউন্ডারি দিয়ে। তিনি ৫৩ বলের মাথায় পূর্ণ হয়ে যায় তাঁর অর্ধশতরান। এটি ছিল টুর্নামেন্টে তাঁর টানা তৃতীয় ‘ফিফটি প্লাস’ ইনিংস। এর আগে ২৪ ডিসেম্বর হায়দরাবাদের বিরুদ্ধে ৬৭ রান এবং তার পর ২৬ ডিসেম্বর চণ্ডীগড়ের বিরুদ্ধে তিনি অপরাজিত ১০৬ রান করেছিলেন।
তবে রিঙ্কু সিং একাই নন, ভারতীয় দলের আর এক তারকা ধ্রুব জুরেল সোমবার ১০১ বলে অপরাজিত ১৬০ রানের দুরন্ত ইনিংস খেলেন। ৭৮ বলেই পূর্ণ হয়ে যায় তাঁর শতরান। এর পর মাত্র ১৯ বলেই শতরান থেকে ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন। ধ্রুব জুরেলের ১৬০ রানের ইনিংস সাজানো ছিল মোট ১৫টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারি দিয়ে। উল্লেখ্য, এটাই ভারতীয় উইকেটকিপার ব্যাটারের ওয়ানডে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি। তাঁর এই দুরন্ত ইনিংসের সৌজন্যে উত্তরপ্রদেশ রানের পাহাড় গড়ে তোলে। বরোদার বিরুদ্ধে তাঁরা নির্দিষ্ট ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলেন ৩৬৯ রান।






