Chapli Kabab: বর্ষবরণের পার্টিতে এবার পেশোয়ারি চমক! বাড়িতেই বানান রেস্তোরাঁ স্টাইল ‘চাপলি কাবাব’
বিশেষ করে মেনকোর্সে বিরিয়ানির পাশে স্টার্টারে যদি থাকে গরম গরম কাবাব, তবে তো কথাই নেই।
Truth of Bengal: আর মাত্র কয়েক দিন, তার পরেই ক্যালেন্ডারের পাতা উল্টে শুরু হবে নতুন বছর। বর্ষবরণ উৎসবে মেতে উঠতে আট থেকে আশি—সবার মধ্যেই এখন তুঙ্গে উন্মাদনা। ভিড় এড়িয়ে অনেকেই এখন বাড়িতেই পার্টির পরিকল্পনা করছেন। শীতের আমেজে খোলা ছাদে গানবাজনা আর আগুনের ওম তথা বনফায়ারের সঙ্গে যদি থাকে জিভে জল আনা খানাপিনা, তবে আয়োজন জমে ক্ষীর। বিশেষ করে মেনকোর্সে বিরিয়ানির পাশে স্টার্টারে যদি থাকে গরম গরম কাবাব, তবে তো কথাই নেই। সাধারণ রেশমি বা হরিয়ালি কাবাবের স্বাদ তো সবসময়ই পাওয়া যায়, কিন্তু এবারের পার্টিতে অতিথি আপ্যায়নে ভিন্ন স্বাদ আনতে ট্রাই করতে পারেন পেশোয়ারি ঘরানার চাপলি কাবাব।
এই সুস্বাদু কাবাব তৈরির জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। প্রধান উপকরণ হিসেবে লাগবে ৫০০ গ্রাম খাসির মাংসের কিমা। স্বাদে ও গন্ধে বদল আনতে এর সঙ্গে এক আঁটি ডাঁটি-সহ ধনেপাতা, এক কাপ পেঁয়াজ কুচি, আধ কাপ টমেটো কুচি এবং পরিমাণমতো কাঁচালঙ্কা ও আদা কুচি হাতের কাছে রাখুন। বাইন্ডিং বা মণ্ড তৈরির জন্য একটি ডিম, এক টেবিল চামচ বেসন এবং স্বাদমতো নুন লাগবে। পুরো রান্নাটি হবে খাঁটি সর্ষের তেলে।
প্রস্তুত প্রণালীও বেশ সহজ। প্রথমে খাসির মাংসের কিমা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। জল থাকলে কাবাব ভেঙে যাওয়ার ভয় থাকে। এরপর একটি বড় পাত্রে কিমার সঙ্গে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, লঙ্কা, আদা, ডিম ও বেসন দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিন। মাখানোর কাজটি নিখুঁত করতে চাইলে মিক্সি বা ব্লেন্ডারও ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে মিশ্রণটি যেন খুব বেশি পাতলা না হয়। যদি মণ্ড নরম মনে হয়, তবে অতিরিক্ত কিছুটা বেসন যোগ করে সামঞ্জস্য আনতে হবে।
রান্নার চূড়ান্ত পর্বে দুই হাত জলে ভিজিয়ে নিয়ে কিমার মণ্ড থেকে ছোট ছোট অংশ নিয়ে চ্যাপ্টা আকারে কাবাব গড়ে নিন। এরপর একটি ফ্ল্যাট কড়াই বা চাটুতে সর্ষের তেল গরম করে ধিমি আঁচে কাবাবগুলো ভাজতে শুরু করুন। তাড়াহুড়ো না করে দুই পিঠ লালচে করে ভাজতে হবে যাতে মাংসের ভিতরটা কাঁচা না থাকে। ভাজা হয়ে গেলে উপর থেকে গোল করে কাটা পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা কুচি সাজিয়ে ধোঁয়া ওঠা বিরিয়ানির সঙ্গে পরিবেশন করুন ঘরোয়া পদ্ধতির এই চাপলি কাবাব।


