Madhuri Dixit: ষাট ছুঁইছুঁই বয়সেও অ্যাকশন হিরোইন! স্টান্টম্যান ছাড়াই কঠিন ফাইটিং করলেন মাধুরী
ওটিটি প্ল্যাটফর্মে দুর্ধর্ষ অ্যাকশন অবতারে হাজির হতে চলেছেন তিনি।
Truth of Bengal: মাধুরী দীক্ষিতের বয়স ষাট ছুঁইছুঁই। সাধারণ বিচারে আর বছর দুয়েকের মধ্যেই তিনি প্রবীণ নাগরিকের তালিকায় নাম লেখাবেন। তবে পর্দার ‘ধক ধক গার্ল’-এর কাছে বয়স যে নিছকই একটি পরিসংখ্যান, তা তিনি বারবার প্রমাণ করেছেন। আজও তাঁর জাদুকরী হাসিতে মুগ্ধ আট থেকে আশি। আর এবার সেই মুগ্ধতাকে কয়েক ধাপ বাড়িয়ে দিতে বড় পর্দায় নয়, বরং ওটিটি প্ল্যাটফর্মে দুর্ধর্ষ অ্যাকশন অবতারে হাজির হতে চলেছেন তিনি।
আসন্ন ওয়েব সিরিজ ‘মিসেস দেশপাণ্ডে’-তে মাধুরীকে দেখা যাবে সম্পূর্ণ নতুন এক রূপে। সেখানে তিনি দাপুটে মার্শাল আর্ট প্রদর্শন করবেন। সবথেকে চমকপ্রদ তথ্য হলো, এই সিরিজের রোমহর্ষক অ্যাকশন দৃশ্যগুলোর শুটিংয়ের জন্য তিনি কোনও বডি ডাবল বা স্টান্ট পারফর্মার ব্যবহার করেননি। নিজের সব কটি স্টান্ট তিনি নিজেই সম্পন্ন করেছেন। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে কেন এমন ঝুঁকি নিলেন বলিউড কুইন? সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী সেই রহস্য ফাঁস করেছেন। তিনি জানান, পর্দার চরিত্রটিকে দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতেই তিনি কোনো পেশাদার স্টান্ট ম্যানের সাহায্য নিতে চাননি। মাধুরী মনে করেন, একজন সাধারণ গৃহবধূও যে প্রয়োজনে অদম্য সাহসী এবং মারকুটে হয়ে উঠতে পারেন, তা পর্দায় ফুটিয়ে তোলা জরুরি ছিল। সেই জেদ থেকেই অত্যন্ত শক্তিশালী সব প্রতিপক্ষের বিরুদ্ধে নিজে দাঁড়িয়ে অ্যাকশন করেছেন তিনি।
বলিউডে সাধারণত প্রথম সারির অভিনেত্রীদের নেতিবাচক বা ধূসর চরিত্রে অভিনয় করতে খুব একটা দেখা যায় না। তবে মাধুরী মনে করেন, সময়ের সাথে সাথে এই প্রথা ভাঙা দরকার। মূলধারার তারকাদের ভিলেন বা জটিল চরিত্রে অভিনয় করা নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী। তাঁর মতে, আধুনিক সময়ের দর্শকরা আগের চেয়ে অনেক বেশি পরিণত। বিশেষ করে লকডাউন চলাকালীন মানুষ সারা বিশ্বের বিভিন্ন ঘরানার সিনেমা ও সিরিজ দেখে চরিত্রের বিভিন্ন স্তর বুঝতে শিখেছে। তাই গতানুগতিক ছকের বাইরে বেরোলে দর্শকরা তা সাদরে গ্রহণ করবেন বলেই বিশ্বাস করেন এই অভিনেত্রী।




