অ্যাওয়ে ম্যাচে আরকাদাগের বিরুদ্ধে ফল বদলানোর আশায় অস্কার
Oscar hoping to turn the tables against Arkadag in away match
Truth Of Bengal: বুধবার অ্যাওয়ে ম্যাচে আরকাদাগের বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে এই তুর্কিমেনিস্তানের দলটির কাছে নামমাত্র গোলে হারতে হয়েছিল লাল-হলুদকে। কিন্তু অ্যাওয়ে ম্যাচে সেই ফল বদল হবে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানান ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো।
ম্যাচের ২৪ ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলনে এসে অস্কার জানান, ‘হোম ম্যাচে মাঠে নামার আগে আরকাদাগ দলটির সম্বন্ধে আমরা কিছুই জানতাম না। কিন্তু প্রথম লেগের ম্যাচটি খেলার পর প্রতিপক্ষ দল সম্বন্ধে আমাদের অনেক কিছুই ধারণা হয়েছে। এমনকি ওরা যে ধরনের ফুটবলটা খেলে, সেটাও দেখে বুঝতে পেরেছি। সেইমতো আমার দল বুধবার ওদের বিপক্ষে খেলার চেষ্টা করবে। এবং আশাকরি আমরা এই ম্যাচে সাফল্য পাব।’

বুধবারের অ্যাওয়ে ম্যাচ যে লাল-হলুদের কাছে মরণ বাঁচন লড়াই সে কথাও মেনে নিয়ে অস্কার বলেন, ‘পরবর্তী রাউন্ডে যেতে গেলে আমাদের এই ম্যাচ থেকে জেতা ছাড়া আর অন্য কোনও পথ খোলা নেই। কাজেই যেনতেন প্রকারেণ জয় পেতেই হবে। ছেলেরাও তৈরি আছে। নিজেদের সেরাটা দেওয়ার জন্য। এখন বাকিটা ভাগ্য। অ্যাওয়ে ম্যাচ সব সময়ই কঠিন হয়। প্রতিপক্ষ দল ঘরের মাঠে খেলবে। সুতরাং ওরা আলাদা সুবিধা পাবে। তবে এইসব নিয়ে আমরা চিন্তিত নই। আমাদের লক্ষ্য জয় পেয়েই পরবর্তী রাউন্ডে টিকিট নিশ্চিত করা। সেদিকেই নজর থাকবে আমাদের। ’
প্রসঙ্গত, তুর্কেমেনিস্তানে এসে নানারকম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। হোটেলে বন্দি অবস্থায় কাটানোর পাশাপাশি খেলোয়াড়দের ওপর যেন কার্যত কার্ফু জারি করে রাখা হয়েছিল। সূত্রের খবর, এখন সেই পরিস্থিতি কিছুটা হাল্কা হয়েছে। এখন দেখার সউল ক্রেসপো, মহেশ, গিলরা সমস্ত প্রতিবন্ধকতা দূর করে লাল-হলুদের পুরনো ইতিহাসকে তুলে ধরে এই ম্যাচ থেকে জয় তুলে নিতে পারে কি না তা সময়ই বলবে।






