রাজ্যের খবর

ভোটার তালিকায় গণ-ছাঁটাই: শিলিগুড়িতে ৬০৯ জনের নাম বাদ পড়ায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

রবিবার বাংলা-বিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হন কয়েকশ গ্রামবাসী

Truth Of Bengal: শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কচুবাড়ি লাহুগছ এলাকায় ভোটার তালিকায় গণহারে নাম বাদ পড়ায় চরম উত্তেজনা ছড়িয়েছে। ২৭/২২৩ এবং ২২৪ নম্বর বুথের মোট ১৫৩৩ জন ভোটারের মধ্যে ৬০৯ জনের নামই তালিকা থেকে ডিলিট বা বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে নাম নথিভুক্ত করার দাবিতে রবিবার বাংলা-বিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হন কয়েকশ গ্রামবাসী।

বিক্ষোভকারীদের দাবি, এসআইআর প্রক্রিয়ার সময় তাদের একাধিকবার ডাকা হয়েছিল এবং তারা প্রয়োজনীয় সমস্ত নথিপত্র নিয়ে হাজিরও হয়েছিলেন। তা সত্ত্বেও সম্পূরক বা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হতেই দেখা যায়, গ্রামের একটি বিশাল অংশের মানুষের নাম গায়েব। তালিকায় নাম নেই স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারের সদস্যদেরও। এমনকি এক সময়ের বামপ্রার্থী তথা প্রবীণ বাসিন্দাদের নামও বাদ পড়ায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা।

বিক্ষুব্ধ ভোটারদের অভিযোগ, নথিপত্র থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের গাফিলতি বা কোনো বিশেষ রাজনৈতিক অভিসন্ধির কারণেই এই বিপুল পরিমাণ নাম বাদ দেওয়া হয়েছে। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে যদি এই সমস্যার সমাধান না হয় এবং ভোটার তালিকায় নাম ফেরানো না হয়, তবে তারা বিডিও ও এসডিও অফিস ঘেরাও করবেন। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিয়েছেন তারা। দীর্ঘক্ষণ পথ অবরোধের জেরে রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও গ্রামবাসীদের মধ্যে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

Related Articles