দ্বিতীয় দিনে ছন্দহীন বোলিং টিম ইন্ডিয়ার
যাঁর আন্তর্জাতিক টেস্টে অভিষেকও ঘটেছিল এই ভারতের মাটিতে।
Truth Of Bengal: গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রবিবার ফের একবার চোখে পড়ল গৌতম গম্ভীর ব্রিগেডের বোলারদের নির্বিষ বোলিং। যার জেরেই প্রথম দিনেই ৬ উইকেটে খুঁইয়ে ২৪৭ রান করা একটা দল, দ্বিতীয় দিনে তাদের ইনিংস শেষ করে ৪৮৯ রানে। এটা মনে হয় ক্রিকেটই সম্ভব। না হলে সবাই যখন একপ্রকার ধরেই নিয়েছেন বাভুমার দল জোর বেশি ৩০০ রানের মধ্যেই হয়ত আটকে যাবেন। না, তা হয়নি, ৩০০ রান নয় বরঞ্চ ৪৮৯ রানে তাদের প্রথম ইনিংস শেষ করল দক্ষিণ আফ্রিকা। নেপথ্যে দুই অখ্যাত ব্যাটার সেনুরান মুথুস্বামী এবং মাক্রো জানসেন।
একজন অখ্যাত এক ব্যাটার। যাঁর আন্তর্জাতিক টেস্টে অভিষেকও ঘটেছিল এই ভারতের মাটিতে। ২০১৯ সালে বিশখাপত্তনমে। সেবার দুই ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ ছিল মোট ৮২ রান। কিন্তু ছয় বছরের মাথায় সেই ভারতের মাটিতে দাঁড়িয়েই দলের অসময়ে নিজের অনবদ্য ব্যাটিংয়ে ভর করেই মুথুরাস্বামী প্রমাণ করে দিলেন আগামী দিনে তিনি লম্বা রেসের ঘোড়া। সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন আর এক ব্যাটার ম্যাক্রো জানসেন। মুথুরাস্বামীর মতো রবিবার তিনিও তাঁর টেস্ট ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ ৯৩ রানের ইনিংসটি উপহার দিলেন দক্ষিণ আফ্রিকার সমর্থকদের।
রবিবার দিনের শুরুতে শনিবারের অপরাজিত ব্যাটার ভেরেনকে ৪৫ রানের মাথায় ফিরিয়ে দিলেও স্বস্তি পেল না টিম ইন্ডিয়া। এরপরই যেন ব্যাট হাতে ২২ গজে ভারতীয় বোলারদের ওপর কার্যত শাসন করতে লাগলেন মুথুরাস্বামী ও জানসেন। কখনও এ বলে আমায় দেখ, তো কখনও বলে আমায় দেখ। দলের লোয়ার অর্ডারের একজন ব্যাটার হয়ে যে কিভাবে দলকে টেনে নিয়ে যেতে হয় তা ফের একবার টিম ইন্ডিয়ার লোয়ার অর্ডারের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন দুই প্রোটিয়াস। একদিকে মুথুরাস্বামী অপর দিকে জানসেন।
ধীরে ধীরে এই নিজের শতরানও পূর্ণ করে ফেলেন মুথুরাস্বামী। টেস্ট ক্রিকেটে যে ধরনের ব্যাটিং একজন প্রফেশনাল ব্যাটার করে থাকেন, ঠিক সেইরকমই ব্যাটিং করলেন তিনি। ফলস্বরূপ আন্তর্জাতিক টেস্টের মঞ্চে নিজের প্রথম শতরানও হাঁকিয়ে ফেললেন মুথুরাস্বামী। মধ্যাহ্নভোজের বিরতির পর অবশেষে তাঁর ব্যাটিং যখন থামল, তখন তাঁর মোট রান ১০৯। ২০৬ বল খেলে ১০টি চার ও দুটি ছয়ের সাহায্যে বর্ষাপাড়ার ২২ গজে শতরান হাঁকালেন তিনি। তবে এর আর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি মুথুরাস্বামী। সিরাজের বলে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরলেন তিনি।
মুথুরাস্বামীর পর পরই মাত্র ৫ রানে হারমেরকে ফেরান বুমরা। তারপর কেশব মহারাজকে নিয়েও দলকে টানতে থাকেন জানসেন। কিন্তু কপাল খারাপ তাঁর। সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরেই তাঁকে থামিয়ে দিলেন চায়নাম্যান। ফলে প্রোটিয়াদের প্রথম ইনিংস শেষ হল ৪৮৯ রানে।
দ্বিতীয় দিনের শুরু থেকেই ভারতীয় বোলারদের হতশ্রী পারফরম্যান্সের জেরেই সাড়ে চারশো রানের ওপর রান করে ফেললো দক্ষিণ আফ্রিকা। এই সময় বুমরা, থেকে সিরাজ, কুলদীপ থেকে ওয়াশিংটন, জাড্ডু থেকে নীতীশ সবাইকে এত সাধারণ মানে নামিয়ে আনলেন জানসেন ও মুথুরাস্বামী তা ভাবাই যায় না। জবাবে ব্যাট করতে নেমে ভারতের সংগ্রহ কোনও উইকেট না হারিয়ে ৯ রান। যশস্বী ৭ ও কেএল রাহুল ২ রানে অপরাজিত আছেন।






