খেলা

বিশ্বকাপের আগে জঙ্গল সাফারি, বিশ্বকাপের মহড়া শুরুর আগে খোশ মেজাজে টিম ইন্ডিয়া

নাগপুরে সিরিজ শুরুর আগে ‘পেঞ্চ টাইগার রিজার্ভ’-এ যান ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।

Truth Of Bengal: ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ছোট ফরম্যাটে এই প্রথম দেশের মাটিতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ভারতের সামনে। তার আগে প্রস্তুতির জন্য আর মাত্র পাঁচটি ম্যাচ পাবে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই পাঁচ ম্যাচেই নিজেদের ঝালিয়ে নিতে হবে সূর্যকুমার যাদবদের। বুধবার নাগপুরে প্রথম ম্যাচে নামার আগে অবশ্য বেশ ফুরফুরে মেজাজেই ধরা দিলেন ভারতীয় ক্রিকেটারেরা, জঙ্গল সাফারিতে ব্যস্ত ছিলেন তাঁরা।

নাগপুরে সিরিজ শুরুর আগে ‘পেঞ্চ টাইগার রিজার্ভ’-এ যান ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর সঙ্গে ছিলেন রিঙ্কু সিংহ, সঞ্জু স্যামসন, ঈশান কিশন ও রবি বিশ্নোই। মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র জুড়ে বিস্তৃত এই ব্যাঘ্র প্রকল্পে শনিবার পৌঁছোন ক্রিকেটারেরা। রবিবার সেখানেই কাটানোর পর সোমবার হুডখোলা জিপে জঙ্গল সাফারিতে বের হন তাঁরা।‘পেঞ্চ টাইগার রিজার্ভ’-এর ফিল্ড ডিরেক্টর জে দেবা প্রসাদ জানান, সাফারি শেষে ক্রিকেটারেরা নাগপুরের উদ্দেশে রওনা দেন। বুধবার সেখানেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।

যদিও জঙ্গল সাফারিতে বাঘের দেখা পাননি সূর্যরা। রিজার্ভের এক আধিকারিকের দাবি, চিতা ও অন্যান্য বন্যপ্রাণী দেখা গেলেও বাঘ দেখা মেলেনি।জঙ্গল ভ্রমণের সময় সূর্যদের দেখে অবাক হয়ে যান অন্য পর্যটকেরা। অনেকের সঙ্গেই ছবি তোলেন ক্রিকেটারেরা। পরে সেই জঙ্গল সফরের ছবি সমাজমাধ্যমেও পোস্ট করেন তাঁরা।

উল্লেখ্য, গত বছর ১৫ ফেব্রুয়ারিতেও ‘পেঞ্চ টাইগার রিজ়ার্ভ’-এ গিয়েছিলেন সূর্যকুমার। ২০২৩ সালে সেখানে ঘুরে গিয়েছিলেন সচিন তেন্ডুলকরও। এ বার নিজের সতীর্থদের সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন সূর্য।গুরুত্বপূর্ণ সিরিজ ও বিশ্বকাপের আগে ক্রিকেটারদের আচরণে ধরা পড়েছে চাপমুক্ত থাকার চেষ্টা। অধিনায়ক হিসেবে টি-২০ বিশ্বকাপে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। তবে গত বছর থেকে তাঁর ব্যক্তিগত ফর্ম খুব একটা ভাল নয়। নিউজিল্যান্ড সিরিজে রানে ফেরার চ্যালেঞ্জ তাঁর সামনে। তার আগে মনকে ফুরফুরে রাখতেই হয়তো জঙ্গল সাফারির পথ বেছে নিলেন ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক।

Related Articles