দেশ

ব্রিকসের ডিনারে কিশোরের গান! মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কণ্ঠে চমক

তবে কিশোর কুমারের প্রতি আনোয়ার ইব্রাহিমের ভালোবাসা নতুন নয়।

Truth of Bengal: ব্রিকসের গালা ডিনারে অন্য মেজাজে ধরা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পিয়ানোর সুরে কিশোর কুমারের জনপ্রিয় গান ‘খোয়াব হো তুম ইয়া কোয়ি হকিকত’ গেয়ে উপস্থিত সকলকে চমকে দেন তিনি। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

তবে কিশোর কুমারের প্রতি আনোয়ার ইব্রাহিমের ভালোবাসা নতুন নয়। এর আগেও তাঁকে এই গান গাইতে দেখা গিয়েছে। ২০২৪ সালের একটি সাক্ষাৎকারেও একই গান গেয়েছিলেন তিনি। এবার ব্রিকসের নৈশভোজে তাঁর কণ্ঠে ফের সেই পরিচিত সুর শুনে উচ্ছ্বসিত নেটিজেনরা। ভিডিওটি নিজেও শেয়ার করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তিন দেবিয়াঁ’ ছবির এই গানটির সুর করেছিলেন শচীন দেববর্মন। কিশোর কুমারের কণ্ঠে গানটি আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।

ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন আনোয়ার ইব্রাহিম। পরে মোদির জনপ্রিয়তার প্রশংসা করে তিনি জানান, বহু মানুষের বার্তা তাঁকে ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে হয়েছে।

এদিন ব্রিকসের নৈশভোজেও ছিল ভারতের বিভিন্ন অঞ্চলের নানা স্বাদের পদ। ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’ গ্রহণের পর আয়োজিত এই গালা ডিনারেই সুর ও কূটনীতির এক অন্য ছবি তুলে ধরলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।