খেলা

নতুন কোচ বাছাইয়ে ধোনির দুই শর্ত, সিএসকের দৌড়ে এগিয়ে হেমাং বাদানি

চেন্নাইয়ের সাফল্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল ধারাবাহিকতা এবং ক্রিকেটারদের প্রতি আস্থা।

Truth of Bengal: চেন্নাই সুপার কিংসের নতুন প্রধান কোচ কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। দীর্ঘদিনের কোচ স্টিফেন ফ্লেমিং দায়িত্ব ছাড়ার পর এবার নতুন মুখের সন্ধানে ফ্র্যাঞ্চাইজি। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রাক্তন ভারতীয় ব্যাটার হেমাং বাদানি নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। খুব শিগগিরই, এমনকি আগামী সপ্তাহেই সিদ্ধান্ত হতে পারে।

চেন্নাইয়ের সাফল্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল ধারাবাহিকতা এবং ক্রিকেটারদের প্রতি আস্থা। কিন্তু সাম্প্রতিক মরশুমগুলিতে সেই ছবি বদলেছে। ২০২৩ সালে শেষবার আইপিএল জিতেছিল চেন্নাই। এরপর থেকে দলের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব দেখা দিয়েছে। ২০২৬ সালের আইপিএলে অষ্টম স্থানে শেষ করে তারা। টানা তিন মরশুমে প্লে-অফেও জায়গা করতে পারেনি দল।

ফ্লেমিংয়ের সরে যাওয়ার পর নতুন কোচ বাছাইয়ের দায়িত্বে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড এবং দলের ম্যানেজমেন্ট। প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন কোচ বাছাইয়ের ক্ষেত্রে ধোনির দু’টি বিশেষ শর্ত রয়েছে।

প্রথমত, চেন্নাইয়ের সহায়ক কোচিং স্টাফে ভারতীয়দের প্রাধান্য চান ধোনি। সেই ভাবনা থেকেই বাদানি এখন অন্যতম প্রধান দাবিদার। আইপিএলে কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাশাপাশি বিদেশের বিভিন্ন টি-২০ প্রতিযোগিতাতেও কাজ করেছেন তিনি। দ্বিতীয়ত, নতুন প্রধান কোচকে শুধুমাত্র চেন্নাই সুপার কিংসের দায়িত্বে দেখতে চান ধোনি। অর্থাৎ একই সময়ে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির কোচিংয়ের সঙ্গে যুক্ত থাকা যাবে না।

ফ্লেমিংয়ের সময় অবশ্য এমন ব্যবস্থা ছিল না। চেন্নাইয়ের প্রধান কোচ থাকার পাশাপাশি তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সুপার কিংস এবং আমেরিকার টেক্সাস সুপার কিংসের কোচের দায়িত্বও সামলেছেন।

বাদানি বর্তমানে দ্য হান্ড্রেডে সাদার্ন ব্রেভ এবং আন্তর্জাতিক টি-২০ লিগে দুবাই ক্যাপিটালসের কোচ। ফলে ধোনির দ্বিতীয় শর্ত মানতে হলে তাঁর বর্তমান দায়িত্বগুলির ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত নিতে হবে।

Related Articles