ব্রিকসে সন্ত্রাসবাদের পহেলগাঁও হামলার নিন্দা, কূটনৈতিক চাপে পাকিস্তান
ঘোষণাপত্রে সীমান্ত পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশ, সন্ত্রাসে অর্থ জোগান এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয় ভেঙে দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে।
Truth of Bengal: দিল্লি ঘোষণাপত্রে সন্ত্রাসবাদ নিয়ে কড়া অবস্থান নিল ব্রিকস। পহেলগাঁও হামলার নিন্দা করে রাশিয়া, চিন, ইরান-সহ সদস্য দেশগুলি একযোগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কূটনৈতিক মহলের একাংশের মতে, এই অবস্থান পাকিস্তানের উপর নতুন করে চাপ বাড়াল।
ঘোষণাপত্রে সীমান্ত পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশ, সন্ত্রাসে অর্থ জোগান এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয় ভেঙে দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্ত্রাস দমনে কোনও ধরনের দ্বিমুখী নীতি গ্রহণযোগ্য নয় বলেও স্পষ্ট করেছে ব্রিকস।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ যে রূপেই সামনে আসুক না কেন, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালাতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে চরমপন্থা ও উগ্রবাদের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সদস্য দেশগুলি।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি, গোয়েন্দা ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানো এবং উগ্রপন্থার বিস্তার রুখতে পারস্পরিক সমন্বয়ের উপরও জোর দেওয়া হয়েছে।






