খেলা

আপাতত বাংলাদেশ সফরে যাওয়া হচ্ছে না হরমনপ্রীত বাহিনীর

এই পরিস্থিতিতে হরমনপ্রীতদের বাংলাদেশ যাওয়া আপাতত স্থগিত করে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

Truth Of Bengal: ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মোটেই ভাল নয়। সূত্রের খবর, গত সোমবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরই সে দেশের পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে। এবং যার জেরেই দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলেও জানা গিয়েছে। এই পরিস্থিতিতে হরমনপ্রীতদের বাংলাদেশ যাওয়া আপাতত স্থগিত করে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সংবাদমাধ্যমের কাছে বোর্ডের পক্ষ থেকে এই কথা জানান এক কর্তা। তবে এরপর কবে ভারতীয় মহিলা দল বাংলাদেশে গিয়ে তাদের বিপক্ষে সিরিজ খেলবে তার কোনও নির্ধারিত তারিখ কবে হবে তাও জানা যায় নি।

প্রসঙ্গত, হরমনপ্রীতরাই শুধু নন, এর আগে গত আগস্ট মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় সিনিয়র দলের। কিন্তু সেই সফরও একই কারণে বাতিল করেছিল বিসিসিআই। এবার সেই তালিকায় হরমনপ্রীত-স্মৃতিরা যুক্ত হলেন। সদ্য শেষ হওয়া মহিলা বিশ্বকাপের পর আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল টিম ইন্ডিয়ার প্রমীলা বাহিনীর। সেখানে গিয়ে ভারতীয় দলের তিনটি একদিনের ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। আপাতত এই সিরিজ এখন বিশ বাঁও জলে।

এদিকে ভারতীয় মহিলা দল যখন বাংলাদেশ সফর স্থগিত করল সে দেশের রাজনৈতিক পরিস্থিতর অবনতির কারণে। ঠিক সেই সময় ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় ভারতীয় তীরন্দাজি দলকে। প্রতিযোগিতার শেষে ও দেশের একাধিক বিমান বাতিল থাকার কারণে চরম হেনস্থার মুখে পড়তে হয় ভারতীয় তিরন্দাজদের। এমনকি বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের কাছ থেকেও কোনও সাহায্য করা হয়নি বলেও অভিযোগ ভারতীয় তিরন্দাজ দলের।

এই বিষয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় দলের অন্যতম সদস্য অভিষেক বর্মা বলেন, ‘গত শনিবার আমাদের দেশে ফিরে আসার জন্য বিমানের সময় ছিল সকাল ৯.৩০ মিনিটে। আমরা সেইমত বিমানবন্দরে পৌঁছেও যাই। কিন্তু বিমানটিতে উঠে বসার পর আমাদের জানানো হয়, বিমানে যান্ত্রিক ত্রুটি রয়েছে। সেই কারণে সেটি রওয়ানা হবে না। এরপর পরবর্তীন বিমনাও কখন রওয়ানা হবে, তাও জানানো হয়নি। কয়েক ঘণ্টা পর অবশেষে বিমানটি বাতিল বলে ঘোষণা করা হয়। এবং এর ফলে শুধু পুরুষ প্রতিযোগীরাই নন, মহিলারাও সমস্যার মুখে পড়েন।’

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘এর পরবর্তী অধ্যায় আমাদের অবস্থা আরও খারাপ হয়। কেননা বিমানবন্দর থেকে যে বাসে করে আমাদের হোটেলে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল, তাতে কোনও জানালা ছিল না। এমনকি হোটেল বলাটাও ভুল হবে, আসলে ওটা ধরমশালা-ই। এবং সেখানেন জানালা পর্যন্ত ছিল না। ঘরগুলি ছিল প্রচণ্ড অপরিস্কার।’

Related Articles