সিরিজ হারের পরেই বিশ্বকাপের আগে দলে বড়সড় বদল নিউজিল্যান্ডের
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল থেকে ক্রিশ্চিয়ান ক্লার্ক ও টিম রবিনসনকে ছেড়ে দেওয়া হয়েছে।
Truth Of Bengal: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ হারার পরেই দলে রদবদল করল নিউজিল্যান্ড। শেষ দুই ম্যাচের আগে পেসার ক্রিশ্চিয়ান ক্লার্ক ও ওপেনার টিম রবিনসনকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়।এই সিরিজেই নিউজিল্যান্ডের টি-২০ দলে অভিষেক হয়েছিল ক্রিশ্চিয়ান ক্লার্কের। তবে মাত্র একটি ম্যাচ খেলেই তাঁর সিরিজ শেষ হয়ে গেল। নাগপুরে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলেছিলেন ক্লার্ক ও রবিনসন। সেই ম্যাচে ক্লার্ক চার ওভারে ৪০ রান দিয়ে একটি উইকেট নেন। অন্যদিকে রবিনসন ১৫ বলে ২১ রান করেন। দ্বিতীয় ম্যাচ থেকেই তাঁদের জায়গায় দলে ঢোকেন ম্যাট হেনরি ও টিম সেইফার্ট। তৃতীয় ম্যাচেও সেই একাদশ অপরিবর্তিত রাখা হয়েছিল।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল থেকে ক্রিশ্চিয়ান ক্লার্ক ও টিম রবিনসনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের পরিবর্তে জিমি নিশাম, লকি ফার্গুসন ও টিম সেইফার্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন। পাশাপাশি, তিরুঅনন্তপুরমে শেষ ম্যাচের আগে ফিন অ্যালেনও দলের সঙ্গে যোগ দেবেন।
ভারতের বিরুদ্ধে এই সিরিজ শেষ হলেই টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করবে নিউ জিল্যান্ড। সেই কারণেই বিশ্বকাপের মূল দলে থাকা ক্রিকেটারদের ধীরে ধীরে দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে। অ্যালেন ও সেইফার্ট প্রথম দিকে না থাকায় রবিনসন সুযোগ পেয়েছিলেন। তেমনই ম্যাট হেনরি না খেলায় প্রথম ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল ক্লার্ককে। তবে বিশ্বকাপের মূল দলে জায়গা না থাকায় এই দু’জনকে শেষ পর্যন্ত দল থেকে বাদ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিগ ব্যাশ লিগে খেলার কারণে ভারতের বিরুদ্ধে প্রথম তিনটি ম্যাচ খেলতে পারেননি ফিন অ্যালেন। পার্থ স্কর্চার্সের হয়ে চলতি বিগ ব্যাশে ৪৬৬ রান করে প্রতিযোগিতার সর্বাধিক রানসংগ্রাহক হন তিনি। দলকে চ্যাম্পিয়ন করার পর ভারতে এসে নিউজিল্যান্ড শিবিরে যোগ দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। বুধবার ভারতের বিরুদ্ধে ম্যাচে নিউজিল্যান্ডের প্রথম একাদশে তাঁকে দেখা যেতে পারে।
নিউজিল্যান্ডের নতুন দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, জাকারি ফাউলকস, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ইশ সোধি।






