রাজ্যের খবর

২৬-এর নির্বাচনের ঘুঁটি সাজাতে তৎপর বিজেপি, দায়িত্ব গ্রহণের পর প্রথম বঙ্গ সফরে নীতিন নবীন

দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর প্রথম পশ্চিমবঙ্গ সফর।

Truth Of Bengal: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার থেকে দু’দিনের সফরে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর প্রথম পশ্চিমবঙ্গ সফর।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি দুর্গাপুরের আন্দাল বিমানবন্দরে পৌঁছবেন। সেখানে তাঁকে দলের রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বের পক্ষ থেকে স্বাগত জানানো হবে। এরপর দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে আয়োজিত ‘কামাল মেলা’-র উদ্বোধন করবেন নীতিন নবীন। পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে দুর্গাপুর নাগরিক মঞ্চের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

কামাল মেলার পর দুর্গাপুরেই রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এই বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার কথা।

বুধবার সকালে তিনি ঐতিহাসিক ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দেবেন। এরপর দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানেই বর্ধমান ডিভিশনের বিজেপি কার্যকর্তা সম্মেলনে ভাষণ দেবেন। পরে রাণীগঞ্জে আসানসোল জেলা বিজেপির কার্যকর্তা সম্মেলনেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রচার ও সংগঠন মজবুত করতে একাধিক রাজ্য থেকে প্রবাসী নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। নবদ্বীপ, কলকাতা এবং হাওড়া–হুগলি–মেদিনীপুর অঞ্চলে এই নেতারা সক্রিয়ভাবে কাজ করবেন। তালিকায় ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, বিহার ও ত্রিপুরা থেকে আসা বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, সাংগঠনিক নেতা ও যুব নেতাদের নাম রয়েছে।

এদিকে রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যের ২৯৪টি আসনের জন্য আলাদা আলাদা ইনচার্জ নিয়োগের ঘোষণা করেছেন।

এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ আগামী ৩০ ও ৩১ জানুয়ারি পশ্চিমবঙ্গ সফরে আসছেন। ওই সফরে তিনি দলের সাংগঠনিক ও রাজনৈতিক প্রস্তুতি খতিয়ে দেখতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Related Articles