গোলের বন্যায় আর্লিং হালান্ড, ক্রমশ ছাপিয়ে যাচ্ছেন সিআর সেভেনকেও
আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬-এ উঠেছে নরওয়ে।
Truth of Bengal: আর্লিং হালান্ডের গোল করার ধারা থামছেই না। ৩ ম্যাচে ৫ গোল করে তিনি এখন বিশ্বকাপের গোলদাতাদের তালিকায় ৩ নম্বরে। তাঁর সামনে রয়েছেন শুধু কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসি।
আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬-এ উঠেছে নরওয়ে। ম্যাচের ৮৬ মিনিটে প্যাট্রিক বার্গের নিখুঁত পাস থেকে সহজ ছোঁয়ায় জয়সূচক গোলটি করেন হালান্ড। সহজ ফিনিশিং হলেও এই গোলের গুরুত্ব তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে সবচেয়ে বেশি। আন্তর্জাতিক ফুটবলে এর আগেও অসংখ্য দুর্দান্ত গোল করেছেন হালান্ড। মলদোভার বিপক্ষে ৫ গোলের পাশাপাশি রোমানিয়া, কাজাখস্তান ও জিব্রাল্টারের বিপক্ষে হ্যাটট্রিকও রয়েছে তাঁর। ৫৩ ম্যাচে ৬০ গোল করে প্রতি ৭২ মিনিটে ১টি করে গোল করেছেন তিনি। তবে এবারের বিশ্বকাপের আগ পর্যন্ত কোনও বড় টুর্নামেন্টে গোল করার সুযোগই পাননি।
নরওয়ের হয়ে টানা ১৩টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করেছেন হালান্ড। এই সময়ে তাঁর মোট গোল ২৫। ইতালির বিপক্ষে ৪–১ ব্যবধানে জেতা ম্যাচেও করেছিলেন ২ গোল। সেই জয়েই ২০০০ সালের ইউরোর পর প্রথমবারের মতো কোনও বড় টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করে নরওয়ে।
বিশ্বকাপে ইরাকের বিপক্ষে ২ গোল করে প্রতিরোধ ভেঙেছেন হালান্ড। সেনেগালের বিপক্ষেও করেছেন জোড়া গোল। ফ্রান্সের বিপক্ষে বিশ্রামে থাকায় এমবাপের সঙ্গে বহুল আলোচিত লড়াই হয়নি। তবে আইভরি কোস্টের বিপক্ষে জয়সূচক গোল করে আবারও নিজের গুরুত্ব প্রমাণ করেছেন তিনি।
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আন্তর্জাতিক গোলের রেকর্ড নিয়ে আলোচনা শুরু হয়েছে। পর্তুগালের হয়ে রোনাল্ডো ২৩১ ম্যাচে করেছেন ১৪৫ গোল। আর হালান্ড ৫৩ ম্যাচেই পৌঁছে গিয়েছেন ৬০ গোলে। বর্তমান গড় ধরে রাখতে পারলে ১২৮তম ম্যাচেই রোনাল্ডোর বর্তমান রেকর্ড স্পর্শ করতে পারেন নরওয়ের এই গোলমেশিন।
নরওয়ে যদি নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলে এবং বড় টুর্নামেন্টে জায়গা ধরে রাখতে পারে, তাহলে ৩২ বছর বয়সেই রোনাল্ডোর রেকর্ড ভাঙতে পারেন হালান্ড। আর ২০৪০ সাল পর্যন্ত সব বড় টুর্নামেন্টে খেলতে পারলে ৪১ বছর বয়সে তাঁর আন্তর্জাতিক গোলসংখ্যা ২৬০-এ পৌঁছনোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।






