২০২৬ বিশ্বকাপের মূল পর্বে পৌঁছল সাড়ে পাঁচ লক্ষ জনসংখ্যার দেশ কেপ ভার্দে
এসওয়াতিনিকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের অংশগ্রহণের টিকিট কনফার্মড করে নিল আফ্রিকা মহাদেশে অবস্থিত মাত্র সাড়ে পাঁচ লক্ষ জনসংখ্যার দেশটি।
Truth Of Bengal: ফুটবলের ইতিহাসে নজির গড়ল কেপ ভার্দে। ২০২৬-র ফুটবল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল ছোট্ট এই দেশটি। এসওয়াতিনিকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের অংশগ্রহণের টিকিট কনফার্মড করে নিল আফ্রিকা মহাদেশে অবস্থিত মাত্র সাড়ে পাঁচ লক্ষ জনসংখ্যার দেশটি।
নিজেদের রাজধানী প্রাইয়ায় এসওয়াতিনির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে কোনও পক্ষই গোল করতে পারেনি। কিন্তু বিরতি থেকে ফিরে এসেই গোলের দেখা পেয়ে যায় কেপ ভার্দে। তাদের হয়ে প্রথম স্কোরশিটে নাম লেখান দাইলন লিভ্রামেন্টো। ম্যাচের বয়স তখন ৪৮ মিনিট।
প্রথম গোলের মিনিট ছয়েক বাদেই নিজেদের দ্বিতীয় গোলটি পেয়ে আফ্রিকার দেশটি। এবার তাদের হয়ে স্কোরশিটে নাম লেখান সেমেডো। প্রতিপক্ষের বক্স থেকে নেওয়া তাঁর দুরন্ত ভলি জড়িয়ে যায় জালে। এরপর নিজেদের তৃতীয় গোলটি কেপভার্দে পায় ম্যাচের অতিরিক্ত সময়ে। এবার ব্যবধান বাড়ান স্টপিরা। এই গোলের সঙ্গে সঙ্গে আসন্ন বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেয়ে যাওয়াতেই উল্লাসে ফেটে পড়েন মাঠে উপস্থিত হাজার পনেরো দর্শক।
ভৌগোলিক অবস্থান অনুসারে আটলান্টিক মহাসাগরের ১০টি দ্বীপ নিয়ে বর্তমান কেপ ভার্দে দেশটি। যার জনসংখ্যা সাড়ে পাঁচ লক্ষের কিছু বেশি। জনসংখ্যার নিরিখে বিশ্বকাপের মূল পর্বে খেলা দেশগুলির মধ্যে কেপ ভার্দে হল দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। এর আগে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে জনসংখ্যার বিচারে ক্ষুদ্রতম দেশ হিসেবে অংশ নিয়েছিল আইসল্যান্ড।
প্রসঙ্গত, ১৯৭৫ সালে তৎকালীন পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর কেপ ভার্দে বিশ্বকাপের মূল পর্বে খেলার চেষ্টা শুরু করে ২০০২ সাল থেকে। এবার তাদের সেই স্বপ্ন সফল হল। যার জন্য তাদের অপেক্ষা করে থাকতে হল ২৩ বছর।






