শারীরিক প্রতিবন্ধকতাকে জয়, ন্যাশনাল প্যারা স্ট্রেংথ লিফটিং চ্যাম্পিয়নশিপে সোনা উত্তরপাড়ার আয়ুসের
আশি শতাংশ শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ন্যাশনাল স্ট্রেংথ লিফটিং চ্যাম্পিয়নশিপ গেমে বেঞ্চ প্রেস বিভাগে স্বর্ণ পদক জয় করে আনল উত্তরপাড়ার গর্বের সন্তান আয়ুস জেনা।
Truth Of Bengal: ইংরেজিতে একটা কথা আছে “হোয়েন দেয়ার এ উইল, দেয়ার ইজ এ ওয়ে।” অর্থাৎ মনের ইচ্ছা যদি দৃঢ় হয় তাহলে যে কোনও কঠিন কাজই হাসতে হাসতে করে ফেলা যায়। ঠিক এমনটাই করে দেখালো উত্তরপাড়ার আয়ুস। আশি শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে গত ১৩, ১৪ ও ১৫ই নভেম্বর সিকিমের গ্যাংটকে অনুষ্টিত ন্যাশনাল প্যারা স্ট্রেংথ লিফটিং চ্যাম্পিয়নশিপ-এ বেঞ্চ প্রেস বিভাগে স্বর্ণ পদক জয় করে আনল তাঁর নিজের রাজ্য ও শহরের জন্য।

কথা প্রসঙ্গে আয়ুস জানাল, স্ট্রেংথ লিফটিং এর পাশাপাশি সে সিভিল ইঞ্জিনিয়ারিংএ ডিপ্লোমাও করছে। বাবা হৃদয়ানন্দ জেনা একটি বেসরকারি কোপানিতে স্বল্প বেতনের চাকুরে। পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলো চালিয়ে নিয়ে যেতে গেলে যে অর্থের প্রয়োজন তাতেও বারবার সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। বাবার আফসোস, যদি সরকারি তরফে কোনো সহযোগিতা পাওয়া যেত।

আয়ুসকে আরও প্রশ্ন করা হয় আগামীতে তার লক্ষ্য কি? চক চক করে ওঠে তার চোখ। এক নিঃশ্বাসে বলে দেয় “প্যারা অলিম্পিক গোল্ড”। স্বপ্ন কি সফল হবে আয়ুসের? যদিও এই বিষয়ে আয়ুসের প্রশিক্ষক অভিষেক গুপ্তা জানান, “প্রথম দিন থেকেই আমার বিশ্বাস ছিল ও ঠিক জয়লাভ করবে, ভালো লাগছে আয়ুসের এই সাফল্যে”।






