খেলা

BCCI: জার্সিতে নতুন নাম, কোষাগারে নতুন চমক! ১১ হাজার কোটি ছাড়াল বিসিসিআই-এর মোট তহবিল

কেন্দ্রীয় সরকারের আনা ‘প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট, ২০২৫’-এর ফলে রিয়াল-টাইম গেমিং বন্ধ হয়ে যাওয়ায় সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

Truth of Bengal: চলতি বছরের অগস্টে মূল স্পনসরের দায়িত্ব থেকে ড্রিম ইলেভেন সরে গেলেও আর্থিকভাবে কোনও ক্ষতির মুখে পড়েনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বরং অ্যাডিডাস ও অ্যাপোলো টায়ার্সের সঙ্গে দু’টি পৃথক চুক্তির মাধ্যমে বোর্ডের আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে পেশ করা হিসাব অনুযায়ী, বিসিসিআইয়ের সঙ্গে জার্সি স্পনসর হিসেবে অ্যাডিডাসের আড়াই বছরের চুক্তি হয়েছে। পাশাপাশি ড্রিম ইলেভেনের জায়গায় নতুন মূল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে অ্যাপোলো টায়ার্স। এর ফলেই স্পনসর বদল হলেও বোর্ডের আয়ে কোনও ঘাটতি হয়নি।

উল্লেখ্য, গত অগস্টে ৩৫৮ কোটি টাকার চুক্তি ভেঙে সরে যায় ড্রিম ইলেভেন। কেন্দ্রীয় সরকারের আনা ‘প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট, ২০২৫’-এর ফলে রিয়াল-টাইম গেমিং বন্ধ হয়ে যাওয়ায় সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি। তবে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিতে বিশেষ শর্ত থাকায় ড্রিম ইলেভেনকে কোনও ক্ষতিপূরণ দিতে হয়নি। ওই শর্ত অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের কোনও আইনের কারণে সংস্থার মূল ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ প্রযোজ্য হবে না।বুধবার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে প্রাক্তন কোষাধ্যক্ষ প্রভতেজ সিংহ ভাটিয়া যে হিসাব পেশ করেছেন, তাতে দেখা যাচ্ছে বিসিসিআইয়ের মোট তহবিল ৭,৯৮৮ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১১,৩৪৬ কোটি টাকা। অর্থাৎ লাভের পরিমাণ দাঁড়িয়েছে ৩,৩৫৮ কোটি টাকা।

২০২৫–২৬ অর্থবর্ষে বোর্ডের আনুমানিক আয় ধরা হয়েছে ৮,৯৬৩ কোটি টাকা।আইসিসি থেকে প্রাপ্ত লভ্যাংশ অবশ্য কিছুটা কমতে পারে বলে ইঙ্গিত মিলেছে। জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ায় আগামী অর্থবর্ষে আইসিসি থেকে বিসিসিআইয়ের প্রাপ্তির পরিমাণ আনুমানিক ১,৫০০ কোটি টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বোর্ড জানিয়েছে, দেশের ক্রিকেট পরিকাঠামো উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।সব মিলিয়ে, ড্রিম ইলেভেন সরে গেলেও শক্তিশালী স্পনসর চুক্তির জেরে বিসিসিআইয়ের আর্থিক ভিত আরও মজবুত হয়েছে বলেই মত ক্রিকেট মহলের।

Related Articles