খেলা

১৪ বছর বয়সে জাতীয় দলে অধিনায়কত্ব, নজির গড়ল  বৈভব

তিনি ২০১৬ সালে ১৬ বছর ১০৫ দিন বয়সে যুব ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন।

Truth Of Bengal: ভারতীয় ক্রিকেটে নতুন এক ইতিহাস লিখল বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে অনূর্ধ্ব-১৯ ভারতের অধিনায়ক হিসেবে মাঠে নেমতেই বিশ্বরেকর্ড গড়ল এই কিশোর ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম যুব একদিনের ম্যাচে টসে জিতে মাঠে নামতেই ভেঙে গেল পাকিস্তানের আহমেদ শাহজাদের দীর্ঘদিনের রেকর্ড।এর আগে সবচেয়ে কম বয়সে কোনও জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার নজির ছিল পাকিস্তানের আহমেদ শাহজাদের। তিনি ২০০৬ সালে ১৫ বছর ১৪১ দিন বয়সে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯ বছর পর সেই রেকর্ড ভেঙে দিল ভারতের বৈভব সূর্যবংশী।

শুধু বিশ্বরেকর্ডই নয়, ভারতীয় ক্রিকেটেও নতুন নজির গড়েছে বৈভব। এর আগে ভারতের যে কোনও স্তরের জাতীয় দলে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব করার কৃতিত্ব ছিল অভিষেক শর্মার। তিনি ২০১৬ সালে ১৬ বছর ১০৫ দিন বয়সে যুব ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন।দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজে অধিনায়ক আয়ুষ মাত্রে এবং সহ-অধিনায়ক বিহান মালহোত্রা চোটের কারণে খেলতে পারেননি। সেই কারণেই সিরিজে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে বৈভবকে। শনিবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস করতে নেমেই ক্রিকেট ইতিহাসে নিজের নাম তুলে ধরেছে সে।তবে ঐতিহাসিক অধিনায়কত্বের ম্যাচে ব্যাট হাতে প্রত্যাশিত সাফল্য পায়নি বৈভব। প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলতে নেমে সে মাত্র ১১ রান করে আউট হয়ে যায়। ১২ বলের ইনিংসে দুটি চার মারলেও ভারতীয় ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলেই সাজঘরে ফিরতে হয় তাকে। অধিনায়ক হিসেবে প্রথম ইনিংস স্মরণীয় করতে না পারলেও নেতৃত্বে তার আত্মবিশ্বাস চোখে পড়েছে।

উল্লেখ্য, এই সিরিজটি ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ। আগামী ১৫ জানুয়ারি থেকে জ়িম্বাবোয়ে ও নামিবিয়ায় শুরু হবে সেই প্রতিযোগিতা। আয়ুষ মাত্রে ও বিহান মালহোত্রা চোটের জন্য এই সিরিজ়ে না থাকলেও বিশ্বকাপে তাঁদের খেলতে সমস্যা হবে না বলেই জানা গিয়েছে।সব মিলিয়ে, ব্যাটে ব্যর্থতা সত্ত্বেও বৈভব সূর্যবংশীর অধিনায়কত্ব ভারতীয় ক্রিকেটে এক ঐতিহাসিক মাইলফলক। বয়সভিত্তিক আন্তর্জাতিক ক্রিকেটে এত কম বয়সে নেতৃত্ব দিয়ে সে ভবিষ্যতের এক বড় তারকা হওয়ারই ইঙ্গিত দিল।

Related Articles