১৫ বছরেই ভারতের সিনিয়র দলে বৈভব, নতুন বিস্ময়কে নিয়ে উচ্ছ্বসিত আগরকর
আইপিএলে ঝড় তুলে বিশ্ব ক্রিকেটের নজর কাড়ার পর এবার ভারতের সিনিয়র পুরুষ দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেলেন এই বিস্ময় বালক।
Truth of Bengal: মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। আইপিএলে ঝড় তুলে বিশ্ব ক্রিকেটের নজর কাড়ার পর এবার ভারতের সিনিয়র পুরুষ দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেলেন এই বিস্ময় বালক। আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন বৈভব। ১৫ বছর ৭১ দিন বয়সে তিনি ভারতের সিনিয়র পুরুষ দলে সুযোগ পাওয়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার।
ব্যাট হাতে বিধ্বংসী মেজাজ এবং আত্মবিশ্বাসী মানসিকতার জন্য ইতিমধ্যেই ক্রিকেট বিশ্বের বড় বড় নামের প্রশংসা কুড়িয়েছেন বৈভব। সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর থেকে শুরু করে নাসের হুসেন— সকলেই মুগ্ধ হয়েছেন তাঁর প্রতিভায়।
সম্প্রতি শেষ হওয়া আইপিএল ২০২৬-এ বিশ্বের প্রায় সব সেরা ব্যাটারদের টেক্কা দিয়ে বৈভব একাই ৭৫০-র বেশি রান করেন। বিরাট কোহলির মতো তারকারাও যেখানে খেলেছেন, সেখানে বৈভবই ছিলেন সবচেয়ে সফল ব্যাটার। টুর্নামেন্টজুড়ে তাঁর স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২৩৭.৩১। শুধু তাই নয়, ৭২টি ছক্কা হাঁকিয়ে তিনি ভেঙে দেন ক্রিস গেইলের ১৪ বছর পুরনো এক আসরে সর্বাধিক ছক্কার রেকর্ড।
ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকরও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তরুণ ক্রিকেটারকে। তাঁর মতে, এত অল্প বয়সে বৈভব যা করে দেখিয়েছেন, তা সত্যিই অসাধারণ। বিশেষ করে আইপিএলের প্লে-অফে প্রায় একার কাঁধে রাজস্থান রয়্যালসকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা তাঁকে আলাদা মর্যাদা দিয়েছে।
আইপিএল ২০২৫-এ ৩৫ বলে শতরান করে ইতিহাস গড়েছিলেন বৈভব। সেটি ছিল আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান। এরপর আইপিএল ২০২৬-এও আরও একটি শতরান করেন তিনি। দু’বার নব্বইয়ের ঘরে আউট না হলে শতরানের সংখ্যা আরও বাড়তে পারত।
আগরকরের কথায়, উচ্চচাপের প্রতিযোগিতায় বৈভবের বিস্ফোরক ব্যাটিং এবং ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতাই তাঁকে আলাদা করেছে। আগামী ২৬ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে শুরু হবে ভারতের অভিযান। এরপর ১ জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ। বর্তমানে শ্রীলঙ্কায় ভারত ‘এ’ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছেন বৈভব সূর্যবংশী। আর সেখান থেকেই শুরু হচ্ছে তাঁর ভারতীয় সিনিয়র দলে পথচলার নতুন অধ্যায়।






