কলকাতা

সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তের হাতে ‘উন্নয়নের পাঁচালি’ তুলে দিলেন সাংসদ নাদিমুল হক

মানুষের কাছে সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন তৃণমূল নেতৃত্ব।

Truth Of Bengal: সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিগত প্রায় দেড় দশক ধরে উন্নয়নের জোয়ার এনেছে তৃণমূল কংগ্রেস সরকার। মানুষের কাছে সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন তৃণমূল নেতৃত্ব। রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘উন্নয়নের পাঁচালি’ পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের দুয়ারে।

রাজ্যের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যে প্রকল্পগুলি এনেছে বর্তমান সরকার, তা ভবিষ্যতেও জারি রাখার অঙ্গীকার রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিখ্যাত সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গে দেখা করে তাঁকে ‘উন্নয়নের পাঁচালি’ বাক্স, রাজ্যের রিপোর্ট কার্ড এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি উপহার দিলেন রাজ্যসভার সাংসদ নাদিমুল হক।

সমাজমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমরা গত ১৫ বছরে বাংলাকে রূপান্তরিত করার দিকেই লক্ষ্য স্থির রেখেছি এবং রাজ্যের অগ্রগতির প্রতি আমাদের অঙ্গীকার আরও একবার নিশ্চিত করেছি।’ আগামী বিধানসভা নির্বাচনের আগে সারা রাজ্যজুড়ে সেই উন্নয়নের বার্তাই সাধারণ থেকে বিশিষ্টদের কাছে পৌঁছে দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব।