ফোনে ইন্টারনেটের ব্যবহারে পুরুষদের টেক্কা ভারতের মহিলাদের
মোবাইল ফোন ব্যবহারকারী ভারতীয় মহিলার সংখ্যা ৫৩.৯% থেকে বেড়ে হয়েছে ৬৩.৬%।
Truth of Bengal: পুরুষদের তুলনায় ভারতের মহিলারা ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে বেশি সড়গড় হয়ে উঠেছেন। ষষ্ঠ ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্ট প্রকাশিত হয়েছে। এই সমীক্ষা রিপোর্টে ভারতীয় মহিলাদের ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও আর্থিক স্বনির্ভরতার উজ্জ্বল চিত্র উঠে এসেছে।
সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, পুরুষদের তুলনায় ভারতের মহিলারা ফোনে দ্বিগুণ পরিমাণে ইন্টারনেট ব্যবহার করছেন। আগে ভারতের মহিলাদের মধ্যে ইন্টারনেট ব্যবহারের পরিমাণ ছিল ৩৩.৩%। সেটা এখন বেড়ে হয়েছে ৬৪.৩%। মোবাইল ফোন ব্যবহারকারী ভারতীয় মহিলার সংখ্যা ৫৩.৯% থেকে বেড়ে হয়েছে ৬৩.৬%।
তেমনই মহিলাদের ব্যাঙ্কে অর্থ জমানোর প্রবণতা বেড়েছে। সেভিংস অ্যাকাউন্টধারী মহিলার সংখ্যা ৭৮.৬% থেকে বেড়ে হয়েছে ৮৯%। ২০২৩-২৪ আর্থিক বছরে কেন্দ্রীয় পরিবার কল্যাণ ও স্বাস্থ্যমন্ত্রক মুম্বইয়ের সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন সায়েন্সেস নামক সংস্থাকে নোডাল এজেন্সি করে সমীক্ষা চালায়। দেশের ৭১৫টি জেলায় ৬.৭৯ লাখ পরিবারের ওপর সমীক্ষা চালানো হয়। অন্যদিকে, ভারতের ঋতুমতী মহিলাদের মধ্যে হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতার পরিমাণও বাড়ছে। ১৫-২৪ বছর বয়সি মেয়েদের মধ্যে ঋতুমতী অবস্থায় হাইজিন বজায় রাখার পরিমাণ ছিল ২০১৯-২০২১ সালে ৭৭.৬%। সেটা ২০২৩-২৪ বেড়ে হয়েছে ৭৯.২%।






