কলকাতা

তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ? নবমী থেকে ভারী বৃষ্টি! ঠিক কী জানাল আবহাওয়া দফতর

এর প্রভাবে ১ অক্টোবর, অর্থাৎ নবমীর দিন, মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে।

Truth Of Bengal: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করার পর শক্তি হারিয়ে দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল পেরিয়ে ছত্রিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হতে পারে। এর প্রভাবে ১ অক্টোবর, অর্থাৎ নবমীর দিন, মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওই সময় সমুদ্র উত্তাল থাকবে এবং ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এজন্য পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে কম বৃষ্টি হলেও নবমীতে কলকাতাসহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে—নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রাম। একাদশীতেও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে।

উপকূলবর্তী জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় পুজোর দিনগুলিতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে মণ্ডপে সমস্যার আশঙ্কা রয়েছে।

উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টি চলবে। শনিবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। রবিবার পর্যন্ত পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। মালদা ও দুই দিনাজপুরে সোমবার বজ্রঝড়-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। দশমী ও একাদশীতে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুত-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, একাদশীতে উত্তরবঙ্গে দুর্যোগ আরও বাড়তে পারে।

Related Articles