কলকাতা

বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৫: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সেরা পুজোর তালিকা ঘোষণা

সেরা প্রতিমার তালিকায় রয়েছে দক্ষিণ কলকাতা সর্বজনীন দুর্গাপুজো, তেলেঙ্গা বাগান সর্বজনীন, অবসর।

Truth Of Bengal: শারদোৎসবের আবহে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করল এ বছরের ‘বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৫’। শনিবার কলকাতার নন্দনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন, তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিব শান্তনু বসু এবং অন্যান্য আধিকারিকরা আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।

২০১৩ সালে সূচনা হওয়া এই পুরস্কারের মাধ্যমে প্রতিবছরই রাজ্যের পাশাপাশি দেশ-বিদেশের নির্বাচিত দুর্গাপুজো কমিটিগুলিকে স্বীকৃতি জানানো হয়। এ বছর সর্বমোট ১১৪টি পুজো কমিটিকে বিভিন্ন বিভাগে সম্মানিত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে—

  • সেরার সেরা: ২৪টি পুজো কমিটি

  • সেরা সাবেকি পুজো: ১২টি

  • সেরা মণ্ডপ: ১৩টি

  • সেরা প্রতিমা: ৭টি

  • সেরা ভাবনা: ১৭টি

  • সেরা পরিবেশবান্ধব: ১৪টি

  • বিশেষ পুরস্কার: ২৬টি

  • বিশ্ববাংলা পুজোর সেরা অ্যালবাম: ১টি

কলকাতার উল্লেখযোগ্য মনোনীতদের মধ্যে রয়েছে বাগবাজার সর্বজনীন, একডালিয়া এভারগ্রিন ক্লাব, সিংহী পার্ক সর্বজনীন, সিমলা ব্যায়াম সমিতি, মুদিয়ালী ক্লাব (সেরা সাবেকি)। সেরা মণ্ডপ বিভাগে স্থান পেয়েছে কালীঘাট মিলন সংঘ, দমদম পার্ক তরুণ সংঘ, বরানগর নেতাজি কলোনি লো-ল্যান্ড, রাজডাঙ্গা নব উদয় সংঘ, দেশপ্রিয় পার্ক। সেরা প্রতিমার তালিকায় রয়েছে দক্ষিণ কলকাতা সর্বজনীন দুর্গাপুজো, তেলেঙ্গা বাগান সর্বজনীন, অবসর।

সেরার সেরা বিভাগে মনোনীত হয়েছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, কালীঘাট মিলন সংঘ, টালা প্রত্যয়, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবসহ আরও কয়েকটি উল্লেখযোগ্য পুজো কমিটি।

রাজ্যের বাইরে ও বিদেশের পুজোগুলির মধ্য থেকেও অনলাইন আবেদনপত্রের মাধ্যমে বাছাই করা হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার বিচারকমণ্ডলীতে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা যুক্ত ছিলেন।

আগামী ৪ অক্টোবর ২০২৫ (শনিবার) রাজ্যের অন্যান্য জেলায় এবং ৫ অক্টোবর ২০২৫ (রবিবার) কলকাতার রেড রোডে ‘দুর্গাপুজো কার্নিভ্যাল’ অনুষ্ঠিত হবে।

Related Articles