কলকাতা

ভোল বদলাচ্ছে আবহাওয়া, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা,দক্ষিণে চড়বে পারদ

Weather is changing rapidly, rain likely in North Bengal, mercury to rise in the south

Truth Of Bengal : আজ থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের একাধিক জেলায় চড়তে পারে পারদ। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল আগামী ২ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। দক্ষিণের জেলাগুলিতে আপাতত বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। আগামী কয়েক দিন দক্ষিণের কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার পাশাপাশি তাপমাত্রা বাড়বে শহর সহ পার্শ্ববর্তী এলাকায়।

প্রত্যেক দিন আবহাওয়ার ভোল বদলাতে দেখা যাচ্ছে। চলতি শীতের মরশুমেও বাংলায় তেমন জাঁকিয়ে শীতের আমেজ দেখা যায়নি। তবে এখন থেকেই আবহাওয়া দফতর আভাস দিচ্ছে চলতি গরমের মরশুমে বেশ ভালোই গরম পড়তে চলেছে বঙ্গে। মার্চ মাসের শুরু থেকেই বঙ্গে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে যেতে পারে বলে মত হাওয়া অফিসের।

জানা যাচ্ছে আপাতত শহরে মনোরম আবহাওয়া বিরাজ করবে বেশ কয়েকদিন। কলকাতাতে নেই বৃষ্টির কোন পূর্বাভাস। তবে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়বে রাজ্য তথা শহরের তাপমাত্রা। বাড়বে গরমের অনুভূতি।

অন্যদিকে উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল রয়েছে দুর্যোগের সম্ভাবনা। উত্তরের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি হতে পারে ২৭ এবং ২৮ তারিখ। পাশাপাশি তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী শনিবার পর্যন্ত দুই পার্বত্য জেলার পাশাপাশি বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদা জেলায়।

Related Articles