নামছে পারদ, বঙ্গে হালকা শীতের ছোঁয়া- সপ্তাহের শেষে ফের বৃষ্টি?
সকাল থেকেই হালকা ঠান্ডা হাওয়ার ছোঁয়া অনুভব করেছেন মানুষজন।
Truth Of Bengal: কার্তিক মাসের মাঝামাঝিতেই বঙ্গে ঢুকেছে শীতের আমেজ। মঙ্গলবার সকালেই তাপমাত্রার পারদ নেমে যায় বেশ খানিকটা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা নিচে ছিল। জেলার তাপমাত্রাও ছিল গড়ে ৩০ ডিগ্রির আশেপাশে। মঙ্গলবারের মতোই বুধবারও একই পরিস্থিতি বজায় রয়েছে। সকাল থেকেই হালকা ঠান্ডা হাওয়ার ছোঁয়া অনুভব করেছেন মানুষজন। কোথাও আকাশ মেঘলা, তো কোথাও হালকা শীতের হাওয়া— এমন বৈচিত্র্যময় আবহাওয়া উপভোগ করছে রাজ্যবাসী।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহেই আবহাওয়ার পরিবর্তন হবে স্পষ্টভাবে। আজ, বুধবার কলকাতায় সকালে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলাবে আবহাওয়া। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২২ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে। সকাল ও রাতের দিকে হালকা শীতের অনুভূতি থাকলেও দুপুরে গরমের দাপট বাড়বে।
অন্যদিকে, বুধবার শুষ্ক আবহাওয়া থাকলেও শুক্রবার থেকে ফের বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার থেকেই উপকূল এলাকায় জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী প্রায় সব জেলাতেই শুক্রবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
তবে উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং ও কালিম্পংয়ে ঘন কুয়াশা দেখা যেতে পারে। শুক্রবারের পর সেখানেও কিছুটা পরিবর্তন আসবে আবহাওয়ায়।
এদিকে, দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ পর্যন্ত সেই নিষেধ বহাল থাকবে। হাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলে একটি নিম্নচাপ অবস্থান করছে, যা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগামী কয়েক ঘণ্টায় এটি বাংলাদেশ ও সংলগ্ন মায়ানমার উপকূলের কাছাকাছি অবস্থান করবে বলে জানা গিয়েছে।
সব মিলিয়ে, একদিকে নিম্নচাপের প্রভাব ও সম্ভাব্য বৃষ্টিপাত, অন্যদিকে নামতে থাকা পারদ — দুই মিলে নভেম্বরের শুরুতেই বঙ্গে স্পষ্ট শীতের ইঙ্গিত।






