রাজ্যের খবর

ভাঙড় বিস্ফোরণ মামলায় আরও চাপে শওকত মোল্লা! সরাসরি ইউএপিএ ধারা যুক্তের আবেদন এনআইএ-র

চলতি বছর ভাঙড়ে বিস্ফোরণের ঘটনার তদন্তভার যায় এনআইএ-র হাতে

Truth of Bengal: ভাঙড় বিস্ফোরণ মামলায় শওকত মোল্লা-সহ চার অভিযুক্তের বিরুদ্ধে এবার ইউএপিএ ধারা প্রয়োগের আবেদন জানাল এনআইএ। শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালতে বিচারক অনুপম মাইতির এজলাসে এই আবেদন করা হয়। এনআইএ-র তরফে বিশেষ সরকারি কৌঁসুলি দেবাশিস মল্লিক চৌধুরি ‘পুট আপ পিটিশন’ দিয়ে ইউএপিএ-র ১৬ এবং ১৮ ধারা যুক্ত করার আবেদন জানান। চলতি বছর ভাঙড়ে বিস্ফোরণের ঘটনার তদন্তভার যায় এনআইএ-র হাতে। তদন্তে নেমে শওকত মোল্লা-সহ চারজনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সেই মামলায় ইউএপিএ ধারা যুক্ত হলে অভিযুক্তদের আইনি চাপ আরও বাড়তে পারে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ভাঙড় বিস্ফোরণ মামলায় শওকত মোল্লাকে খুঁজছিল এনআইএ। পরে সোনারপুরের কামালগাজি সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও শওকতের পরিবারের দাবি ছিল, তিনি আত্মসমর্পণ করতে যাওয়ার সময়ই তাঁকে গ্রেফতার করে এনআইএ।

গ্রেফতারির ৮৭ দিনের মাথায় আদালতে চার্জশিট পেশ করে তদন্তকারী সংস্থা। সেখানে শওকত মোল্লাকেই বিস্ফোরণ মামলার মূল অভিযুক্ত তথা প্রধান চক্রান্তকারী হিসেবে উল্লেখ করা হয়েছে বলে দাবি এনআইএ-র। তদন্তকারী সংস্থার অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে বোমা তৈরির সময় আচমকা বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় বোমা তৈরির সঙ্গে যুক্ত এক ব্যক্তির মৃত্যু হয় এবং আরও একজন গুরুতর আহত হন। ঘটনার তদন্তে নেমেই এনআইএ-র নজরে আসে শওকত মোল্লার নাম। এনআইএ-র দাবি, বিস্ফোরণ মামলায় গ্রেফতার হওয়া চার অভিযুক্তের মধ্যে শওকতই ছিলেন মূল পরিকল্পনাকারী। তাঁর নির্দেশেই বোমা তৈরির কাজ চলছিল বলে অভিযোগ। এমনকি বিস্ফোরণের পর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাঁর ফোন থেকে এলাকায় একাধিক নির্দেশ পাঠানো হয়েছিল বলেও তদন্তকারীদের দাবি।

শওকতকে গ্রেফতারের পর তাঁর মোবাইল ফোন পরীক্ষা করে মামলার সঙ্গে সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলেও দাবি করেছে এনআইএ। সেই সমস্ত তথ্য ও তদন্তে পাওয়া অন্যান্য প্রমাণের ভিত্তিতেই এবার মামলায় ইউএপিএ-র ১৬ এবং ১৮ ধারা যুক্ত করার আবেদন জানানো হয়েছে।

Related Articles